১২ লাখ টাকার ভারতীয় প্রসাধনী জব্দ, আটক ১
- আপলোড সময় : ১০-০৬-২০২৬ ১১:২৯:৩৮ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১০-০৬-২০২৬ ১১:২৯:৩৮ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বিশেষ অভিযান চালিয়ে চোরাচালানের মাধ্যমে ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ প্রসাধনী সামগ্রী জব্দ করেছে। এ সময় এক ব্যক্তিকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৯ জুন) দুপুর ১টা ১০ মিনিটে সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখার এসআই (নিরস্ত্র) মো. মাহমুদুল হাসানের নেতৃত্বে এএসআই খাদেমুল ইসলাম, কনস্টেবল মনির হোসেনসহ একটি দল সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের ইব্রাহিমপুর আনন্দবাজার গোদারাঘাট সংলগ্ন সুরমা নদীর পাড়ে বিশেষ অভিযান পরিচালনা করে।
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে মো. শিমুল সরকার (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের সৈয়দপুর গ্রামের বাসিন্দা। অভিযানের সময় তার কয়েকজন সহযোগী ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানিয়েছে ডিবি।
পুলিশ জানায়, আটক ব্যক্তির হেফাজত থেকে বিভিন্ন ব্র্যান্ডের মোট ২ হাজার ৭১ পিস প্রসাধনী সামগ্রী জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত পণ্যের মধ্যে রয়েছে বিভিন্ন আকারের হেয়ার অয়েল, পারফিউম, বেবি শ্যা¤পু ও বেবি লোশনসহ নানা ধরনের প্রসাধনী। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ১২ লাখ ২৭ হাজার ৮৫০ টাকা বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় আটক আসামি এবং পলাতক অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনসহ প্রযোজ্য ধারায় সুনামগঞ্জ সদর থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে ডিবি সূত্রে জানা গেছে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ