ইউরোপের পথে মৃত্যুফাঁদ : অবৈধ অভিবাসন রোধে কার্যকর উদ্যোগ জরুরি
- আপলোড সময় : ১৬-০৬-২০২৬ ১২:৩৯:৫১ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৬-০৬-২০২৬ ১২:৩৯:৫১ পূর্বাহ্ন
ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত ও উপকূলরক্ষী সংস্থা ফ্রন্টেক্সের সাম্প্রতিক প্রতিবেদনে উঠে এসেছে একটি উদ্বেগজনক বাস্তবতা। ইউরোপে অবৈধভাবে প্রবেশের সংখ্যা কমলেও মধ্য ভূমধ্যসাগরীয় রুটে এখনো বাংলাদেশিরাই শীর্ষে রয়েছে। এটি শুধু একটি পরিসংখ্যান নয়; বরং বাংলাদেশের সামাজিক-অর্থনৈতিক বাস্তবতা, কর্মসংস্থানের সংকট এবং বিদেশে উন্নত জীবনের স্বপ্নকে ঘিরে গড়ে ওঠা মানব পাচার চক্রের নির্মমতার প্রতিচ্ছবি।
বিশেষভাবে উদ্বেগের বিষয় হলো, সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলের বহু তরুণ জীবন-জীবিকার আশায় অবৈধ পথে ইউরোপে যাওয়ার ঝুঁকি নিচ্ছেন। বৈধ অভিবাসনের সুযোগ সীমিত হওয়া, বিদেশে দ্রুত অর্থ উপার্জনের আকাক্সক্ষা এবং দালালচক্রের মিথ্যা প্রলোভনের কারণে অনেকেই পরিবার-পরিজনের সর্বস্ব বিক্রি করে বিপজ্জনক সমুদ্রযাত্রায় পা বাড়ান। কিন্তু সেই যাত্রা পরিণত হয় মৃত্যুফাঁদে।
গত কয়েক বছরে ভূমধ্যসাগরে নৌকাডুবি, মরুভূমিতে নিখোঁজ হওয়া কিংবা পাচারকারীদের নির্যাতনের শিকার হয়ে অসংখ্য বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। আমাদের সুনামগঞ্জের বিভিন্ন উপজেলা থেকেও ইউরোপে যাওয়ার পথে নিহত, নিখোঁজ কিংবা লিবিয়া ও অন্যান্য দেশে আটকা পড়া যুবকদের খবর একাধিকবার সংবাদমাধ্যমে এসেছে। একটি পরিবারের স্বপ্নভঙ্গের পাশাপাশি এসব ঘটনা পুরো সমাজের জন্য গভীর বেদনার কারণ হয়ে দাঁড়িয়েছে।
মানব পাচারকারী চক্রগুলো দরিদ্র ও বেকার তরুণদের টার্গেট করে কোটি টাকার প্রতারণা করছে। তারা ইউরোপে পৌঁছে দেওয়ার আশ্বাস দিলেও বাস্তবে অভিবাসীদের ঠেলে দেয় অনিশ্চিত ও প্রাণঘাতী পথে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার তথ্যমতে, চলতি বছরেই ভূমধ্যসাগরে প্রায় ১ হাজার ৩০০ মানুষের মৃত্যু হয়েছে। এই সংখ্যা মানবিক বিপর্যয়ের ভয়াবহতাই তুলে ধরে।
এই পরিস্থিতি মোকাবিলায় সরকার, স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং জনপ্রতিনিধিদের আরও সক্রিয় ভূমিকা নিতে হবে। মানব পাচারকারী চক্রের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিশ্চিত করার পাশাপাশি গ্রামের পর্যায়ে সচেতনতামূলক প্রচারণা জোরদার করা প্রয়োজন। তরুণদের জানাতে হবে যে, অবৈধ পথে ইউরোপে যাওয়ার স্বপ্ন অনেক সময় মৃত্যুর মধ্যেই শেষ হয়। একই সঙ্গে কর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ এবং বৈধ অভিবাসনের সুযোগ সম্প্রসারণও জরুরি। বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে সরকারি ব্যবস্থাপনার ওপর মানুষের আস্থা বাড়াতে হবে। দক্ষ জনশক্তি তৈরি করে নিরাপদ ও বৈধ অভিবাসনের পথ সুগম করা গেলে ঝুঁকিপূর্ণ যাত্রার প্রবণতা অনেকটাই কমবে। সেজন্য এখনই সমন্বিত ও কার্যকর উদ্যোগ গ্রহণের বিকল্প নেই।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

সম্পাদকীয়