মাসব্যাপী অ্যাথলেটিক্স ও গ্রামীণ খেলা প্রশিক্ষণের সমাপনী, সনদপত্র বিতরণ
- আপলোড সময় : ১৮-০৬-২০২৬ ১১:৫৩:৫৮ অপরাহ্ন
- আপডেট সময় : ১৮-০৬-২০২৬ ১১:৫৩:৫৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার ::
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২৬-এর আওতায় সুনামগঞ্জ জেলা ক্রীড়া অফিস আয়োজিত অনূর্ধ্ব-১৪ বালক-বালিকাদের মাসব্যাপী অ্যাথলেটিক্স ও গ্রামীণ খেলা প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান বৃহ¯পতিবার (১৮ জুন) সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
সুনামগঞ্জ জেলা ক্রীড়া অফিসের তত্ত্বাবধানে সদর উপজেলার পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে গত ২৩ এপ্রিল প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়। বিকেএসপির একজন দক্ষ প্রশিক্ষকের পরিচালনায় নির্ধারিত সময়সূচি অনুযায়ী বিভিন্ন সেশনে প্রশিক্ষণ প্রদান করা হয়।
জেলা ক্রীড়া কর্মকর্তা মো. সোহাগ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (শিক্ষা ও কল্যাণ শাখা) মো. সাব্বির হোসেন শাওন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মাসব্যাপী প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীরা যে কৌশল ও দক্ষতা অর্জন করেছে, তা ভবিষ্যতে বিভিন্ন প্রতিযোগিতায় তাদের এগিয়ে থাকতে সহায়তা করবে এবং বিজয়ী হিসেবে গড়ে তুলবে। তিনি আরও বলেন, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর মতো জাতীয় পর্যায়ের বড় আয়োজনগুলোতে অংশগ্রহণের মাধ্যমে সুনামগঞ্জের শিক্ষার্থীরা জেলার প্রতিনিধিত্ব করতে সক্ষম হবে।
তিনি তরুণদের মোবাইল ও অন্যান্য ক্ষতিকর ডিভাইসের আসক্তি এবং মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে খেলাধুলাভিত্তিক এ ধরনের কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি ও সভাপতি প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন।
সমাপনী বক্তব্যে সভাপতি মো. সোহাগ মিয়া প্রশিক্ষণ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট প্রশিক্ষক, প্রশিক্ষণার্থী, শিক্ষক এবং সহযোগিতাকারী সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি শিক্ষার্থীদের ক্রীড়ামনস্কতা ও ক্রীড়াচর্চার বিকাশে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ