সেলাই মেশিন, বাইসাইকেল, ঘর ও শিক্ষা সহায়তা পেলেন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যরা
- আপলোড সময় : ২৫-০৬-২০২৬ ১১:০৪:২৫ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৫-০৬-২০২৬ ১১:০৪:২৫ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পরিবারের নারী ও শিক্ষার্থীদের মধ্যে সেলাই মেশিন, বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে সদর উপজেলা পরিষদ মিলানয়তনে এসব উন্নয়ন সহায়তা প্রদান করা হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা’ কর্মসূচির আওতায় ক্ষুদ্র নৃ গোষ্ঠীর জীবনমান উন্নয়নে সদর উপজেলা প্রশাসন এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান। এই কর্মসূচিতে সদর উপজেলায় ক্ষুদ্র নৃ গোষ্ঠীর একটি পরিবারকে একটি ঘর নির্মাণ করে দেওয়া হবে। যেটির চাবি তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে সদর উপজেলার সীমান্তবর্তী জাহাঙ্গীরনগর ইউনিয়নের বিভিন্ন গ্রামের ১৭জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তির অর্থ, দুইজন ছাত্রীকে যাতায়াতের সুবিধার জন্য দুটি বাইসাইকেল, তিনজন নারীকে তিনটি সেলাই মেশিন প্রদান করা হয়।
সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা জেরিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মতিউর রহমান খান, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ। শুভেচ্ছা বক্তব্য দেন সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রসিদ আহমেদ, কুরবাননগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল বরকত, ক্ষুদ্র নৃ গোষ্ঠীর নেতা মিন্টু দিও প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশ সম্প্রীতির দেশ। আমরা সবাই আমাদের দেশকে ভালোবাসি। তাই সবাইকে নিয়ে দেশের কল্যাণে কাজ করতে হবে। পরে জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে গাছের চারা রোপন করেন।
এর আগে একই মিলনায়তনে সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার রোধকল্পে সমাজে নৈতিক, সামাজিক, গণতান্ত্রিক, উদার ও ধর্মীয় মূল্যবোধের বিকাশ এবং ইতিবাচক সামাজিক চেতনা জাগ্রত করার লক্ষ্যে উপজেলায় প্রশাসন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান। এ সময় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মতিউর রহমান খান। সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা জেরিন।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ