শহরে চুরি-ছিনতাই বৃদ্ধি ও মাদকের বিস্তার নিয়ে সনাকের উদ্বেগ, যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান
- আপলোড সময় : ২৬-০৬-২০২৬ ১২:২০:৪৫ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৬-০৬-২০২৬ ১২:২০:৪৫ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ শহরে চুরি, ছিনতাই বৃদ্ধি ও মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করে দ্রুত এসবের বিরুদ্ধে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহবান জানিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনার বাংলাদেশ (টিআইবি)’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটির (সনাক) সদস্যরা। গত বুধবার বিকেলে সনাকের মাসিক সভায় এই উদ্বেগ প্রকাশ করা হয়। শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরিতে এই সভা হয়েছে।
সুনামগঞ্জ সনাকের সভাপতি ও সৃজন বিদ্যাপীঠের উপাধ্যক্ষ কানিজ সুলতানার’র সভাপতিত্বে সভায় সনাক সদস্যরা বলেন, সুনামগঞ্জ শহর একটি শান্তিপ্রিয় শহর, এই শহরে আমরা মিলেমিশে সবাই শান্তিতে বসবাস করি। কিন্তু সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা যাচ্ছে, শহরের বিভিন্ন স্থানে ব্যাপকভাবে চুরি হচ্ছে ও মাদকের সহজলভ্যতা বৃদ্ধি পেয়েছে। ছিনতাইয়ের ঘটনাও ঘটছে। পুলিশ কিছু কিছু পদক্ষেপ নিচ্ছে, তৎপর রয়েছে। মাদকের বিরুদ্ধে সামাজিকভাবে সচেতনতামূলক কর্মসূচিও আছে, কিন্তু ঘটনা ঘটছেই। সনাক সদস্যরা থানার সামনেই অবস্থিত শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি, গত দুদিন আলফাত স্কয়ারে (ট্রাফিক পয়েন্ট) দুটি ব্যবসা প্রতিষ্ঠান ও কালীবাড়ি এলাকার একটি স্বর্ণের দোকানে চুরির ঘটনাসহ বিভিন্ন ঘটনার কথা উল্লেখ করেন।
সনাক সদস্যরা সবাই খুবই হতাশা ও উদ্বেগ প্রকাশ করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী প্রশাসনের নিকট দ্রুত এর সমাধানে কাজ করার আহ্বান জানান। সনাক সদস্যরা মনে করেন আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ও পাড়ায় পাড়ায় রোস্টার টহল বৃদ্ধি করে এই সমস্যার দ্রুত সমাধান সম্ভব। একই সঙ্গে নাগিরকদেরও সচেতন হওয়া এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতার আহবান জানানো হয়।
টিআইবি’র এরিয়া কোঅর্ডিনেটর মোহাম্মদ আরিফুর রাহমানের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সনাক সহ-সভাপতি ও বিশিষ্ট লেখক সুখেন্দু সেন, সনাক সদস্য প্রবীণ শিক্ষাবিদ ধূর্জটি কুমার বসু, বিশিষ্ট সমাজকর্মী নুরুর রব চৌধুরী, সাবেক ব্যাংক কর্মকর্তা ও সমাজকর্মী মোহাম্মদ গোলাম কিবরিয়া, আইনজীবী ও সাংবাদিক আইনুল ইসলাম বাবলু, অ্যাডভোকেট নাজনীন বেগম, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক অ্যাডভোকেট খলিল রহমান, নারীনেত্রী সঞ্চিতা চৌধুরী, অ্যাডভোকেট হেলিনা আখতার, আদিবাসী নেতা এন্ড্রু জুয়েল সলমার, এনটিভির স্টাফ রিপোর্টার দেওয়ান গিয়াস চৌধুরী, শিক্ষিকা রীনা রানী ঘোষ, হাওর ও নদী রক্ষা আন্দোলনের সভাপতি রাজু আহমদ, ব্যবসায়ী আশরাফুজ্জামান বাবলু।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ