বিশ্বম্ভরপুর প্রতিনিধি ::
বিশ্বম্ভরপুর উপজেলায় ন্যায়বিচার ও আইনি সহায়তা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘ন্যায়ের প্রাপ্যতা’ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে বিশ্বম্ভরপুর রুরাল ডেভেলপমেন্ট সোসাইটি (বিআরডিএস)-এর উদ্যোগে এবং উইমেনস ফান্ড এশিয়ার আর্থিক সহায়তায় কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন বিআরডিএসের পরিচালনা কমিটির সদস্য হাসান বশির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ সকিনা আক্তার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আসাদুজ্জামান এবং বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহীন মিয়া। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মিজ সকিনা আক্তার বলেন, সমাজের দুর্বল ও প্রান্তিক জনগোষ্ঠী যেন কোনো ধরনের হয়রানি ছাড়াই আইনি সহায়তা ও ন্যায়বিচার পায়, তা নিশ্চিত করা সবার দায়িত্ব। তিনি নারী ও শিশু নির্যাতন, ভূমি বিরোধ এবং পারিবারিক সহিংসতা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তিনি আরও বলেন, ন্যায়ের প্রাপ্যতা নিশ্চিত করতে প্রশাসন, পুলিশ এবং সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে সমন্বিতভাবে কাজ করতে হবে। অর্থ বা ক্ষমতার অভাবে কেউ যেন ন্যায়বিচার ও তার প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত না হয়। বিশেষ অতিথির বক্তব্যে ওসি মো. শাহীন মিয়া বলেন, পুলিশ সবসময় নির্যাতিত ও অসহায় মানুষের পাশে রয়েছে। যে কোনো আইনি সমস্যায় সাধারণ মানুষকে থানার সহযোগিতা নেওয়ার আহ্বান জানাই। কর্মশালায় প্রাণিস¤পদ বিভাগ, সমাজসেবা কার্যালয়, উপজেলা প্রকৌশল বিভাগ, শিক্ষা বিভাগসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন এনজিও প্রতিনিধিরা ন্যায়বিচার, আইনি সহায়তা ও নাগরিক অধিকার বিষয়ে বক্তব্য রাখেন। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন এনজিওর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কর্মশালায় অংশগ্রহণকারীরা ন্যায়বিচারের সহজ প্রাপ্যতা নিশ্চিত করতে জনসচেতনতা বৃদ্ধি ও সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
বিশ্বম্ভরপুরে ‘ন্যায়ের প্রাপ্যতা’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- আপলোড সময় : ২৩-০৭-২০২৬ ১১:৩০:৫৭ অপরাহ্ন
- আপডেট সময় : ২৩-০৭-২০২৬ ১১:৫২:৫৭ অপরাহ্ন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

বিশ্বম্ভরপুর প্রতিনিধি