শিশুশ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
- আপলোড সময় : ২৭-০৭-২০২৬ ০৯:৩১:১০ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৭-০৭-২০২৬ ০৯:৩১:১০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ সদর উপজেলায় শিশুশ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে সাইফুল হক (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থল থেকে অভিযুক্তকে আটক করে গণধোলাইয়ের পর পুলিশের হাতে তুলে দেয় ক্ষুব্ধ জনতা। বর্তমানে ভুক্তভোগী শিশুটি সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
রোববার (২৬ জুলাই) সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের একটি গ্রামে অভিযুক্তের নিজ বাড়িতে এই ঘটনাটি ঘটে। গ্রেপ্তারকৃত সাইফুল হক ওই এলাকার সমরু মিয়ার ছেলে। তার স্থায়ী ঠিকানা পৌর শহরের নতুন হাসননগর এলাকায়। সে বর্তমানে মোল্লাপাড়া ইউনিয়নের গ্রামে বসবাস করছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, শিশুটিকে কৌশলে নিজ বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করে সাইফুল। শিশুটির চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে হাতেনাতে অভিযুক্ত সাইফুলকে আটক করে উত্তম-মধ্যম দেয়।
বিষয়টি জানতে পেয়ে সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ (পিপিএম) তাৎক্ষণিকভাবে এসআই অর্জনের নেতৃত্বে একটি মোবাইল টিম ঘটনাস্থলে পাঠান। পুলিশ দ্রুত পৌঁছে আহত অবস্থায় অভিযুক্ত সাইফুলকে নিজেদের জিম্মায় নেয়। একই সাথে শিশুটিকে উদ্ধার করে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।
পুলিশ সূত্রে আরও জানা গেছে, গণধোলাইয়ে আহত আসামি সাইফুলকে পুলিশ হেফাজতে প্রথমে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসা শেষে তাকে থানা হেফাজতে রাখা হয়েছে।
এ বিষয়ে সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ (পিপিএম) জানান, সংবাদ পাওয়ার সাথে সাথেই আমাদের পুলিশের মোবাইল টিম ঘটনাস্থলে গিয়ে আসামিকে গ্রেপ্তার করে এবং ভুক্তভোগী শিশুটিকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। তিনি আরও জানান, এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে সদর মডেল থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চালাচ্ছেন। ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আসামির বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ