স্টাফ রিপোর্টার::
তাহিরপুরে পূর্বশত্রুতা ও জমি সংক্রান্ত মামলার জের ধরে প্রতিপক্ষের হামলায় নারীসহ অন্তত ৬ জন গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে। গত ২৬ জুলাই সকালে উপজেলার বাদাঘাট ইউনিয়নের সুন্দর পাহাড়ি গ্রামে এ হামলার ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুন্দর পাহাড়ি গ্রামের আব্দুল ছালামের পরিবারের সঙ্গে একই গ্রামের আব্দুল হাইয়ের পরিবারের দীর্ঘদিন ধরে জমিজমা ও মামলাসংক্রান্ত বিরোধ চলছিল। এরই জের ধরে রোববার সকালে আব্দুল হাইয়ের নেতৃত্বে ২০-২৫ জনের একদল লোক দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আব্দুল ছালামের বসতবাড়িতে অতর্কিত হামলা চালায়। হামলায় মধু মিয়া, আবুল কাশেম, শের আলী, বিপ্লব, সাফিয়া বেগম ও গৃহকর্তা আব্দুল ছালাম গুরুতর আহত হন। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক মধু মিয়া, আবুল কাশেম ও সাফিয়া বেগমের অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। বাকিদের সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন মধু মিয়া ও আবুল কাশেমের অবস্থা সংকটজনক হওয়ায় তাদের আইসিইউতে রাখা হয়েছে। ঘটনার বিচার ও নিরাপত্তা চেয়ে আহত আব্দুল ছালাম বাদী হয়ে তাহিরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে আব্দুল হাই, উজ্জ্বল মিয়া, মাসুক মিয়া, রহিম মিয়া, নয়ন মিয়া, জাকির মিয়া, ফরিদ মিয়া ও শেফালী বেগমসহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে অভিযুক্ত করা হয়েছে।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ জানান, লিখিত অভিযোগ পেয়েছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
জমি নিয়ে বিরোধ
মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২
- আপলোড সময় : ২৯-০৭-২০২৬ ১২:০৯:৪৩ অপরাহ্ন
- আপডেট সময় : ২৯-০৭-২০২৬ ১২:১০:৩০ অপরাহ্ন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ