স্টাফ রিপোর্টার::
যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে মুক্ত করতে এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশ্বম্ভরপুরে এক মতবিনিময় ও সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মাদকবিরোধী ঐক্য পরিষদের আয়োজনে মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর ১২টায় উপজেলা মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সৈয়দ আকরাম হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন আওলাদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সকিনা আক্তার। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও সকিনা আক্তার বলেন, মাদক একটি পরিবার ও সমাজকে নিঃশেষ করে দেয়। মাদকের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। কেবল আইনি পদক্ষেপ দিয়ে মাদক নির্মূল সম্ভব নয়; এর জন্য প্রয়োজন পরিবার ও সামাজিক পর্যায় থেকে ব্যাপক সচেতনতা। তিনি তরুণ প্রজন্মকে সুপথে রাখতে অভিভাবকসহ সর্বস্তরের জনগণকে একযোগে কাজ করার আহ্বান জানান। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিন মিয়া। তিনি বলেন, মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। বিশ্বম্ভরপুরকে মাদকমুক্ত করতে থানা পুলিশ সার্বক্ষণিক তৎপর রয়েছে এবং এ বিষয়ে স্থানীয় জনগণের সহযোগিতা একান্ত কাম্য। সভায় আরও বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি আবু সুফিয়ান জুয়েল ও ছফির উদ্দিন টিটুসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
বিশ্বম্ভরপুরে মাদকবিরোধী ঐক্য পরিষদের মতবিনিময় সভা
- আপলোড সময় : ২৯-০৭-২০২৬ ১২:১৩:১৫ অপরাহ্ন
- আপডেট সময় : ২৯-০৭-২০২৬ ১২:৩৫:৪৫ অপরাহ্ন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ