কামারখাল দ্রুত পরিষ্কার ও দীর্ঘমেয়াদি ব্যবস্থাপনার আশ্বাস
- আপলোড সময় : ২৯-০৭-২০২৬ ১২:১৯:৪৬ অপরাহ্ন
- আপডেট সময় : ২৯-০৭-২০২৬ ১২:১৯:৪৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ শহরের কামারখাল পরিদর্শনে গিয়ে তা দ্রুত পরিষ্কার ও দীর্ঘমেয়াদি ব্যবস্থাপনার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক ও পৌরসভার প্রশাসক। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে খালের দূষণ ও পানিনিষ্কাশন পরিস্থিতি সরজমিনে দেখতে কামারখাল এলাকা পরিদর্শন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান এবং পৌরসভার প্রশাসক অসীম চন্দ্র বণিক।
পরিদর্শনকালে জেলা প্রশাসক বলেন, যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলার কারণে খালটি মারাত্মকভাবে দূষিত হয়ে পড়েছে এবং রোগ-জীবাণুর উৎসে পরিণত হয়েছে। খালের পানিপ্রবাহ স্বাভাবিক করতে এবং স্বাস্থ্যকর পরিবেশ ফিরিয়ে আনতে দ্রুত প্রকল্প গ্রহণ করে কাজ শুরুর নির্দেশনা দেওয়া হয়েছে।
পৌরসভার প্রশাসক অসীম চন্দ্র বণিক জানান, কামারখাল পরিষ্কার করা আমাদের অগ্রাধিকার তালিকাভুক্ত একটি জরুরি কাজ। বিশেষ প্রকল্পের মাধ্যমে খুব শীঘ্রই পরিচ্ছন্নতা অভিযান শুরু হবে। এক সপ্তাহের মধ্যেই স্থানীয় বাসিন্দারা দৃশ্যমান পরিবর্তন দেখতে পাবেন এবং খাল পুরোপুরি পরিষ্কার না হওয়া পর্যন্ত কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, পৌরসভা প্রচারণায় নয়, কাজে বিশ্বাসী। খালটি ব্যবস্থাপনার কাজ করার মতো সক্ষমতা আমাদের রয়েছে।
পরিদর্শনকালে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মতিউর রহমান ও পৌরসভার সহকারী প্রকৌশলী আশরাফুল ইসলাম কয়েসসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ