নাসিম হত্যা মামলা
চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন
- আপলোড সময় : ৩০-০৭-২০২৬ ০১:০০:০৯ পূর্বাহ্ন
- আপডেট সময় : ৩০-০৭-২০২৬ ০১:০০:০৯ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
ধর্মপাশায় নাসিম হত্যা মামলার চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। বুধবার দুপুরে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির হলরুমে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
এ সময় লিখিত বক্তব্যে নিহত নাসিমের স্ত্রী রূপসা আক্তার ধর্মপাশা থানার ওসি সহিদ উল্যাহ ও মামলার তদন্তকারী কর্মকর্তা জহিরুল ইসলাম কর্তৃক মোটা অঙ্কের অর্থের বিনিমিয়ে আসামিদের পক্ষে মামলার চার্জশিট দাখিল করেছেন বলে অভিযোগ করেন। তিনি বলেন, আমার স্বামীর হত্যাকা-ের পর ন্যায়বিচারের আশায় আমি থানায় মামলা দায়ের করতে গেলে প্রথমে ওসি মামলা নিতে অনীহা প্রকাশ করেন। হত্যাকা-ের মূল অভিযুক্ত ডালি ও অলির নাম কেটে দিলে তিনি মামলা নিবেন বলে জানান। পরবর্তীতে স্থানীয় এমপির নির্দেশে মামলা নিলেও মোটা অঙ্কের অর্থের বিনিময়ে তিনি ১১ জন আসামির মধ্যে মূল আসামিসহ ৯ আসামির নাম বাদ দিয়ে চার্জশিট দাখিল করেন। আমি এ মামলাটি পুনঃতদন্তের দাবি জানাই। যারা আমার ছোট ছোট ৪টা সন্তানকে এতিম করেছে বর্তমান সরকারসহ প্রশাসনের কাছে আমি এর সুষ্ঠু ও ন্যায় বিচার দাবি করছি।
সংবাদ সম্মেলনে নিহতের বড় ভাই আলামিনসহ স্বজনরা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদ উল্যা বলেন, মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত করে চার্জশিট দিয়েছেন। এখানে অনিয়মের কোনো সুযোগ নেই। আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ