স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ পৌরসভা নির্বাচনকে সামনে রেখে প্রয়াত মন্ত্রী মেজর ইকবাল চৌধুরী ও প্রয়াত এমপি বেগম মমতাজ ইকবালের পুত্র সম্ভাব্য মেয়র প্রার্থী ইনান চৌধুরী তার নিজ পাড়া ঐতিহ্যবাহী আরপিননগরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। শনিবার রাতে সুনামগঞ্জ শহরের আরপিননগরস্থ নিজ বাসভবনে অনুষ্ঠিত এ সভায় দল-মত নির্বিশেষে এলাকার সম্মানিত মুরব্বী, সুধীজন, তরুণ ও শুভানুধ্যায়ীরা অংশ নেন। গভীর রাত পর্যন্ত চলা এ মতবিনিময় সভায় সুনামগঞ্জের উন্নয়নে প্রয়াত মন্ত্রী মেজর ইকবাল ও প্রয়াত সংসদ সদস্য বেগম মমতাজ ইকবালের অবদান তুলে ধরে স্মৃতিচারণ করেন উপস্থিত সুধীজন। সভায় উপস্থিত এলাকাবাসীর কাছে আগামী পৌর নির্বাচনে প্রার্থীতার পক্ষে সমর্থনের জন্য সবার দোয়া ও ভালোবাসা কামনা করেন তরুণ ইনান চৌধুরী। সুনামগঞ্জ পৌরসভার সার্বিক উন্নয়নে আগামীতে তিনি বাবা মায়ের পদাঙ্ক অনুসরণ করে মানুষের সেবা করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। আগামীর বাংলাদেশে তরুণ নেতৃত্বের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে ইনান চৌধুরী সকলের সমর্থন কামনা করেন। মতবিনিময় সভায় ইনান চৌধুরী বলেন, আমার পূর্বসূরিদের মধ্যে বাবা ও মা মানুষের সেবায় কাজ করছেন। তাদের আদর্শ, আপনাদের ভালোবাসা এবং সুনামগঞ্জের উন্নয়নের স্বপ্নকে সঙ্গে নিয়েই আমি এগিয়ে যেতে চাই। আপনাদের উৎসাহ, মূল্যবান পরামর্শ ও অকুণ্ঠ সমর্থন আমাকে আরও দায়িত্বশীল করবে বলে বিশ্বাস করি। তিনি আরো বলেন, আমার বাবা সাবেক মন্ত্রী মেজর ইকবাল হোসেন চৌধুরী এবং মা সাবেক সংসদ সদস্য বেগম মমতাজ ইকবালের জনসেবার ধারাবাহিকতা বজায় রেখে সুনামগঞ্জের মানুষের জন্য কাজ করতে চাই। জনকল্যাণ, উন্নয়ন এবং একটি আধুনিক, পরিচ্ছন্ন, নিরাপদ ও স্মার্ট পৌরসভা গড়ে তোলার লক্ষ্যে নিজেকে তুলে ধরতে চাই। সভায় উপস্থিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, প্রবীণ নাগরিক, তরুণ সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সুনামগঞ্জের উন্নয়ন ও জনসেবামূলক কর্মকা-ে তাকে সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন আরপিননগরের বাসিন্দা শিরিন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা সাইফুর রহমান শমছু, জসীম উদ্দিন দিলীপ, মনির উদ্দিন মনির, ওমর ফারুক, আবুল হোসেন ছোট মিয়া, সাংবাদিক রওনক বখত, মোহাম্মদ আলী খোশনূর, মহিবুর রহমান, লুৎফুর রহমান, মুজিবুর রহমান, সজিবুর রহমান, শমসের আহমদ, শামীম আহমদ, সুজাত আহমদ, আলী নূর মিয়া, দেলোয়ার হোসেন, সোয়েব আলম, শামসুদ্দিন প্রমুখ।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
সুনামগঞ্জের মানুষের জন্য কাজ করতে চাই
আরপিননগরবাসীর সঙ্গে মতবিনিময় সভায় সম্ভাব্য মেয়র প্রার্থী ইনান চৌধুরী
- আপলোড সময় : ০৩-০৮-২০২৬ ০১:৩৫:৩৮ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৩-০৮-২০২৬ ০১:৪২:৩২ পূর্বাহ্ন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ