শান্তিপুর নদীতে বালু লুটের ঘটনায় ৮ নৌকা বিনষ্ট
স্টাফ রিপোর্টার ::
তাহিরপুর উপজেলার সীমান্তঘেঁষা শান্তিপুর নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে অভিযান চালিয়ে প্রায় আটটি কাঠের ইঞ্জিনচালিত ও বারকি নৌকা বিনষ্ট করেছে উপজেলা প্রশাসন। সোমবার বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের শান্তিপুর নদী ও তৎসংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরুখ আলম শান্তনু।
স্থানীয় সূত্রে জানা গেছে, শান্তিপুর গ্রামের পাশের ইজারাবিহীন নদী থেকে একটি বালু উত্তোলনকারী চক্র দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। এতে নদীর তীরবর্তী বসতবাড়ি, পরিবেশ-প্রতিবেশ, জীববৈচিত্র্য ও প্রাকৃতিক ভারসাম্য হুমকির মুখে পড়েছে। অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নদীতে বাঁশের ব্যারিকেড দেওয়া হয়েছিল। তবে সোমবার বালু উত্তোলনকারী চক্রটি ওই ব্যারিকেড ভেঙে নদী থেকে বালু উত্তোলন শুরু করে বলে অভিযোগ পাওয়া যায়। খবর পেয়ে উপজেলা প্রশাসন সেখানে অভিযান পরিচালনা করে। এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ অনুযায়ী অবৈধভাবে বালু উত্তোলনের প্রমাণ পাওয়ায় প্রায় আটটি কাঠের ইঞ্জিনচালিত ও বারকি নৌকা বিনষ্ট করা হয়।
অভিযানে স্থানীয় ইউপি সদস্য, তাহিরপুর থানার পুলিশ সদস্য ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
অভিযানের সত্যতা নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরুখ আলম শান্তনু বলেন, কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। ক্ষতিগ্রস্ত বাঁশের ব্যারিকেড দ্রুত মেরামতের জন্য তাগিদ দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
