টাঙ্গুয়ার হাওরের সংরক্ষিত এলাকায় প্রবেশ ৬ হাউজবোটকে জরিমানা
- আপলোড সময় : ০৫-০৮-২০২৬ ১০:৪১:৩৫ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৫-০৮-২০২৬ ১০:৪১:৩৫ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
তাহিরপুরে টঙ্গুগুয়ার হাওরের প্রতিবেশগত সংকটাপন্ন (ইসিএ) এলাকায় অবৈধভাবে প্রবেশ করে পরিবেশ দূষণের দায়ে ছয়টি পর্যটকবাহী হাউজবোটকে ১৮ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিবুর রহমানের নেতৃত্বে টাঙ্গুয়ার হাওরের সংরক্ষিত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মঙ্গলবার জেলা প্রশাসন, সুনামগঞ্জ ও পরিবেশ অধিদপ্তর কর্তৃক টাঙ্গুয়ার হাওর ইসিএভুক্ত এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উক্ত ভ্রাম্যমাণ আদালতে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫(সংশোধিত-২০১০) এর ৫ ধারা লংঘন করে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা টাঙ্গুয়ার হাওরের সংরক্ষিত এলাকায় অবৈধভাবে প্রবেশ করে পরিবেশ দূষণ করার অপরাধে ৬টি হাউসবোটকে ১৮ হাজার ৫শ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। উক্ত মোবাইল কোর্ট চলাকালে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, সুনামগঞ্জ-এর জেলা কার্যালয়ের পরিদর্শক মো. সাইফুল ইসলাম। মোবাইল কোর্ট পরিচালনায় সার্বিক সহায়তা করেন তাহিরপুর থানা পুলিশের সদস্যবৃন্দ।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিবুর রহমান জানান, টাঙ্গুয়ার হাওরে ভ্রমণকারী হাউজবোট ও পর্যটকদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। রামসার সাইট হিসেবে স্বীকৃত টাঙ্গুয়ার হাওরের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ