হাওরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলের লাশ উদ্ধার
- আপলোড সময় : ০৫-০৮-২০২৬ ১০:৫৩:০০ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৫-০৮-২০২৬ ১০:৫৩:০০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
জামালগঞ্জে হাওরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়ার প্রায় ১৬ ঘণ্টা পর এক জেলের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত আকমল হোসেন (৩৭) উপজেলার ভীমখালী ইউনিয়নের পুরান চান্দবাড়ী গ্রামের আব্দুল জলিলের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার (৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আকমল হোসেন জালের নৌকা নিয়ে বলহর হাওরে মাছ ধরতে যান। ভোরে তিনি বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। মঙ্গলবার সকাল থেকে স্বজন, স্থানীয় বাসিন্দা ও গ্রামবাসী বিভিন্ন স্থানে তার খোঁজ শুরু করেন। একপর্যায়ে বলহর হাওরে তার ব্যবহৃত নৌকাটি পাওয়া গেলেও আকমল হোসেনের কোনো সন্ধান মেলেনি। পরবর্তীতে নিহতের বড় ভাই মকবুল হোসেন মঙ্গলবার দুপুরে জামালগঞ্জ থানায় একটি জিডি করেন। পরে দীর্ঘ অনুসন্ধানের পর নিখোঁজ হওয়ার প্রায় ১৬ ঘণ্টা পর বলহর হাওরের পাড় থেকে তার লাশ উদ্ধার করা হয়।
ভীমখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আখতারুজ্জামান তালুকদার বলেন, নিখোঁজের পর বলহর হাওরে লাশটি পাওয়া গেছে। ঘটনাস্থলে জামালগঞ্জ থানা পুলিশ ও নিহতের স্বজনরা উপস্থিত রয়েছেন। ঘটনা তদন্ত করার জন্য দাবি জানিয়েছে নিহতের পরিবার।
এ ব্যাপারে জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ ঘটনার সত্যতা নিশ্চিত করে মো. বন্দে আলী জানান, ঘটনাস্থলে আমি পৌঁছেছি। লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

জামালগঞ্জ প্রতিনিধি