ট্রাভেলস ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ পৌর শহরের ষোলঘর আবাসিক এলাকা থেকে আবুল হাসনাত সুলায়মান (৪২) নামে এক ট্রাভেলস ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাত ৯টার দিকে একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আবুল হাসনাত সুলায়মান দোয়ারাবাজার উপজেলার প্রতাপপুর গ্রামের আব্দুর রউফের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সুনামগঞ্জ পৌর শহরের ষোলঘর এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন। শহরে তার একটি ট্রাভেলস ব্যবসা রয়েছে।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা গেছে, ট্রাভেলস ব্যবসার দেনাপাওনা নিয়ে দীর্ঘদিন ধরে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। রোববার সন্ধ্যার কোনো একসময় বাসার একটি কক্ষে ফ্যানের সঙ্গে গলায় রশি দিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।
মৃত্যুর আগে তাঁর ব্যবহৃত ফেসবুক আইডি থেকে একটি পোস্ট দেওয়া হয়। ওই পোস্টে দুই ব্যক্তির ছবি যুক্ত করে তাদের বিরুদ্ধে ট্রাভেলস ব্যবসার টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগ তোলা হয়।
পোস্টে আবুল হাসনাত সুলায়মান উল্লেখ করেন, ব্যবসায় দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তির প্রতারণার কারণে তিনি আর্থিক ও মানসিক সংকটে পড়েছেন। সেখানে সিদ্দিক আহমেদ নামে এক ব্যক্তির কাছে ৫ লাখ ৩৩ হাজার টাকা এবং কাওসারুজ্জামান তালুকদার নামে অপর এক ব্যক্তির কাছে ১৪ লাখ টাকা পাওনা থাকার দাবি করেন তিনি।
তবে ফেসবুক পোস্টে করা এসব অভিযোগের সত্যতা তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি।
সুনামগঞ্জ সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আরিফ উল্লাহ মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে কাজ করছে পুলিশ।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
