তাহিরপুরে ছাতার ভেতর ইয়াবা, ১০০ পিসসহ মাদক কারবারি আটক
- আপলোড সময় : ১৯-০৮-২০২৬ ০৭:৩৫:৫৭ অপরাহ্ন
- আপডেট সময় : ১৯-০৮-২০২৬ ০৭:৩৫:৫৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ছাতার ভেতরে করে ইয়াবা বিক্রির সময় ১০০ পিস ইয়াবাসহ আব্দুস সাত্তার মিয়া (৪৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে মাদক নির্মূল কমিটির সদস্যরা।
বুধবার (১৯ আগস্ট) দুপুরে উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের লেদারবন্দ-আনন্দ বাজার এলাকায় তাকে আটক করা হয়। আব্দুস সাত্তার দক্ষিণ বড়দল ইউনিয়নের বিন্নারবন্দ গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের আব্দুর রশিদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা ২ নম্বর মাদক নির্মূল কমিটির সদস্যরা আনন্দ বাজার এলাকায় অভিযান চালিয়ে আব্দুস সাত্তারকে আটক করেন। এ সময় তার হাতে থাকা ছাতার ভেতর থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে আটকে রেখে পুলিশকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রফিক ঘটনাস্থলে গেলে ইয়াবাসহ আটক আব্দুস সাত্তারকে পুলিশের কাছে হস্তান্তর করেন মাদক নির্মূল কমিটির সদস্যরা।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ