কারখানা বন্ধ ও কর্মসংস্থান সংকট : অর্থনীতির জন্য সতর্কবার্তা
- আপলোড সময় : ২৬-০৮-২০২৬ ০৮:৩৭:৫৮ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৬-০৮-২০২৬ ০৮:৩৭:৫৮ পূর্বাহ্ন
সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সাম্প্রতিক মূল্যায়নে যে তথ্য উঠে এসেছে, তা বিশেষভাবে সতর্কবার্তা দিচ্ছে শিল্প ও কর্মসংস্থানের ভবিষ্যৎ নিয়ে। জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত গাজীপুর, সাভার-আশুলিয়া ও নারায়ণগঞ্জ-নরসিংদী শিল্পাঞ্চলে ৯৫টি কারখানা স্থায়ীভাবে বন্ধ এবং ৬১ হাজার ৮৮১ জনের কর্মসংস্থান হারানো নিঃসন্দেহে গুরুতর সংকটের ইঙ্গিত।
কারখানা বন্ধের পেছনে একাধিক কারণ রয়েছে। শিল্প উৎপাদন ও উৎপাদন খাতের প্রবৃদ্ধি শূন্যে নেমে আসা, বেসরকারি খাতে ঋণপ্রবাহ কমে যাওয়া, বিনিয়োগ হ্রাস এবং দীর্ঘস্থায়ী গ্যাস সংকট শিল্প খাতকে চাপে ফেলেছে। বিশেষ করে টেক্সটাইল, ইস্পাত, কাগজ, সিরামিকসহ গ্যাসনির্ভর শিল্পে জ্বালানি সংকট উৎপাদন ব্যাহত করছে। শিল্প সচল না থাকলে শুধু বিনিয়োগ নয়, কর্মসংস্থানও সংকুচিত হবে - যার সরাসরি প্রভাব পড়বে মানুষের আয় ও জীবনযাত্রায়।
অন্যদিকে মূল্যস্ফীতি কিছুটা কমলেও সাধারণ মানুষের স্বস্তি ফেরেনি। প্রকৃত মজুরি এখনো নেতিবাচক। একই সময়ে আমদানি বাড়লেও রেমিট্যান্স প্রবৃদ্ধি কমেছে এবং বাণিজ্য ঘাটতি বেড়েছে। সরকারের রাজস্ব আদায়েও বড় ঘাটতির আশঙ্কা রয়েছে। ফলে অর্থনীতিকে টেকসই পথে ফেরাতে এখন বিচ্ছিন্ন পদক্ষেপ নয়, প্রয়োজন সমন্বিত ও বাস্তবভিত্তিক পরিকল্পনা।
সিপিডি অক্টোবর ২০২৬ থেকে জুন ২০২৭ মেয়াদের ‘কোর বাজেট’ এবং জ্বালানি, ব্যাংকিং, রাজস্ব, এডিপি, লজিস্টিকস ও ডিজিটালাইজেশনসহ বিভিন্ন খাতে সমন্বিত সংস্কার কর্মসূচির সুপারিশ করেছে। এসব সুপারিশ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত। পাশাপাশি শিল্পে নিরবচ্ছিন্ন গ্যাস-বিদ্যুৎ সরবরাহ, সহজ শর্তে অর্থায়ন, বিনিয়োগের পরিবেশ উন্নয়ন এবং বন্ধ কারখানা পুনরায় চালুর কার্যকর উদ্যোগ জরুরি।
অর্থনীতির পুনরুদ্ধারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সূচক মানুষের কর্মসংস্থান। তাই ৯৫টি কারখানা বন্ধের ঘটনাকে নিছক একটি পরিসংখ্যান হিসেবে দেখার সুযোগ নেই। সরকারকে এখনই শিল্প ও কর্মসংস্থান রক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে সংস্কারে রাজনৈতিক সদিচ্ছা, প্রশাসনিক দক্ষতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। কারণ অর্থনীতির স্থিতিশীলতা শুধু প্রবৃদ্ধির হিসাব নয়; এর কেন্দ্রে থাকতে হবে মানুষের কাজ, আয় ও নিরাপদ ভবিষ্যৎ।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

সম্পাদকীয়