সুনামগঞ্জের ৫টি আসনে হবে ভাষা প্রশিক্ষণ কেন্দ্র
- আপলোড সময় : ২৬-০৮-২০২৬ ০৮:৪৯:৫৩ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৬-০৮-২০২৬ ০৮:৪৯:৫৩ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জের তরুণদের বৈধ ও নিরাপদ পথে বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে জেলার পাঁচটি সংসদীয় আসনে একটি করে মোট পাঁচটি ভাষা প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, বিদেশ যেতে আগ্রহী তরুণদের আরবি, জাপানি, চাইনিজ, কোরিয়ান ও ইংরেজি ভাষার প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি ওয়েল্ডিং, ড্রাইভিং, রেফ্রিজারেশনসহ বিদেশে চাহিদাস¤পন্ন বিভিন্ন কারিগরি বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। এই পাঁচটি নির্বাচনী এলাকায় পাঁচটি প্রশিক্ষণকেন্দ্র করার বিষয়টি আমরা বিবেচনা করছি, ইনশাআল্লাহ।
তবে শুধু ভবন নির্মাণ করে প্রশিক্ষণকেন্দ্র স্থাপন করলেই হবে না উল্লেখ করে মন্ত্রী বলেন, সেখানে প্রশিক্ষণার্থী ও প্রশিক্ষণের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এজন্য জনপ্রতিনিধিদেরও দায়িত্ব নিতে হবে। তিনি জেলা প্রশাসককে পরিত্যক্ত সরকারি ভবন, স্কুল-কলেজ ও মাদ্রাসা ব্যবহার করে দ্রুত প্রশিক্ষণ কার্যক্রম শুরু করার উদ্যোগ নিতে বলেন।
মন্ত্রী বলেন, নতুন ভবন নির্মাণে দুই-তিন বছর সময় লাগতে পারে। কিন্তু প্রশিক্ষণ কার্যক্রম শুরু করতে এত সময় অপেক্ষা করার প্রয়োজন নেই। চিঠি চালাচালির প্রয়োজন নেই। আমরা দ্রুত কাজ শুরু করতে চাই। আগামীকাল থেকেই আপনারা কত দ্রুত সেন্টার এবং ভাষা কোর্স চালু করতে পারেন, সেটি দেখুন।
তিনি আরও বলেন, বিদেশে যাওয়ার ক্ষেত্রে দক্ষতা ও ভাষাজ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশিক্ষিত ও দক্ষ জনশক্তি হিসেবে বিদেশে যেতে পারলে কর্মীরা যেমন ভালো কাজের সুযোগ পাবেন, তেমনি প্রতারণা ও অবৈধ পথে বিদেশ যাওয়ার ঝুঁকিও অনেকাংশে কমে যাবে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ