৬৪ জেলার তদারকি-সমন্বয়ের দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ, সুনামগঞ্জের দায়িত্ব পেলেন হুইপ জি কে গউস
- আপলোড সময় : ২৮-০৮-২০২৬ ০৯:২৯:১০ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৮-০৮-২০২৬ ০৯:২৯:১০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
দেশের ৬৪ জেলার প্রশাসন, আইনশৃঙ্খলা ও উন্নয়ন কর্মকা-ে রাজনৈতিক পর্যায়ে নতুন তদারকি ও সমন্বয় কাঠামো চালু করেছে সরকার। এর আওতায় সুনামগঞ্জ জেলার দায়িত্ব পেয়েছেন জাতীয় সংসদের হুইপ জি কে গউস। একই সঙ্গে তিনি সিলেট জেলারও তদারকির দায়িত্ব পালন করবেন।
বৃহ¯পতিবার (২৭ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসনের সংযোগ অধিশাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনটি অবিলম্বে কার্যকর হবে।
প্রজ্ঞাপন অনুযায়ী, সুনামগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও অপরাধ নিয়ন্ত্রণ, দুর্নীতি প্রতিরোধ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণসহ সরকারি উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকা- তদারকি ও সমন্বয়ের দায়িত্ব থাকবে জি কে গউসের ওপর। সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অগ্রগতিও তার নজরদারির আওতায় থাকবে।
সুনামগঞ্জে কী কী দেখবেন হুইপ :
দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপদের কার্যপরিধিতে বলা হয়েছে, তারা মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার নিয়ন্ত্রণ, চোরাচালান প্রতিরোধ এবং গুরুতর অপরাধ দমনে সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোকে প্রয়োজনীয় পরামর্শ দিতে পারবেন। এছাড়া দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং সরকারের বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম তদারকি ও পরামর্শ দেওয়ার সুযোগ থাকবে তাদের। প্রয়োজন হলে জেলা পর্যায়ে অনুষ্ঠিত বিভিন্ন সভায় অংশ নিয়ে পরামর্শও দিতে পারবেন তারা।
তবে প্রজ্ঞাপনে জেলা প্রশাসনের প্রচলিত প্রশাসনিক কাঠামো বা ‘চেইন অব কমান্ড’ পরিবর্তনের কথা বলা হয়নি। দায়িত্বপ্রাপ্তদের সরাসরি কোনো কর্মকর্তাকে নির্দেশ দেওয়া, বদলি-পদায়ন করা কিংবা প্রশাসনিক সিদ্ধান্ত বাতিল করার ক্ষমতাও দেওয়া হয়নি। ফলে এটি মূলত জেলা প্রশাসনের ওপর উচ্চপর্যায়ের রাজনৈতিক তদারকি ও সমন্বয় ব্যবস্থা হিসেবে কার্যকর হবে।
৩০ জনের হাতে ৬৪ জেলার দায়িত্ব :
সরকারের নতুন ব্যবস্থায় মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপ মিলিয়ে ৩০ জনকে এক থেকে তিনটি করে জেলার দায়িত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে ১৩ জন পূর্ণমন্ত্রী ২৩টি, ১৪ জন প্রতিমন্ত্রী ৩৩টি এবং তিনজন হুইপ আটটি জেলার দায়িত্ব পেয়েছেন। সাতজনকে একটি করে, ১২ জনকে দুটি করে এবং ১১ জনকে তিনটি করে জেলার দায়িত্ব দেওয়া হয়েছে।
সুনামগঞ্জ ও সিলেটের দায়িত্ব পাওয়া জি কে গউসসহ দায়িত্বপ্রাপ্তরা সংশ্লিষ্ট জেলাগুলোর আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা এবং সরকারি উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি তদারকি করবেন।
প্রজ্ঞাপনে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, টেকসই উন্নয়ন, সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা ও দুর্নীতি নির্মূল নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। সেই লক্ষ্যেই দেশের সব জেলায় নতুন এই রাজনৈতিক তদারকি ও সমন্বয় কাঠামো চালু করা হয়েছে।
সুনামগঞ্জের দায়িত্বপ্রাপ্ত মো. জি কে গউছ এখন থেকে জেলার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও সরকারের বিভিন্ন কার্যক্রমে সমন্বয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। বিশেষ করে মাদক ও চোরাচালান নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সরকারি উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার বিষয়গুলো তার দায়িত্বের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। জেলা পর্যায়ে সরকারের কার্যক্রম আরও গতিশীল, সমন্বিত ও জনবান্ধব করতে নতুন এ দায়িত্ব বণ্টন করা হয়েছে বলে সংশ্লিষ্ট প্রজ্ঞাপনে বলা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ