তাহিরপুরে যুবককে কুপিয়ে জখম
- আপলোড সময় : ৩০-০৮-২০২৬ ০৮:১৬:৪০ পূর্বাহ্ন
- আপডেট সময় : ৩০-০৮-২০২৬ ০৮:১৬:৪০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
তাহিরপুরে দোকানের সামনে ময়লা ফেলায় বাধা দেওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে রাসেল মিয়া (১৮) নামে এক যুবককে দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত যুবকের বাবা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
শুক্রবার (২৮ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের সীমান্তবর্তী লাকমা গ্রামের ঈদগাহ মাঠের পশ্চিমে ছড়ার পাড় এলাকায় এ ঘটনা ঘটে। আহত রাসেল মিয়া লাকমা গ্রামের বাসিন্দা ফজলুল হকের ছেলে। তিনি ওই এলাকায় আখের রসের ব্যবসা করেন।
থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, লাকমা ঈদগাহ মাঠের পশ্চিমে ছড়ার পাড়ে রাসেলের দোকানের সামনে বিভিন্ন সময় ময়লা ফেলা নিয়ে স্থানীয় কয়েকজনের সঙ্গে তাদের বিরোধ চলছিল। এর জের ধরে শুক্রবার সকালে একই গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে কুদ্দুস মিয়া (৫৫), তার স্ত্রী খুদেজা বেগম (৫০), ছেলে রিফাত মিয়া (২৬) ও রাহুল মিয়া (২৩) দা, রামদা ও লাঠিসোঁটা নিয়ে রাসেলের দোকানে যান। এ সময় তারা রাসেলকে দোকানটি অন্যত্র সরিয়ে নিতে বলেন।
অভিযোগে বলা হয়, রাসেল দোকান সরাতে আপত্তি জানালে কুদ্দুস মিয়া তাকে হত্যার নির্দেশ দেন। পরে কুদ্দুসের স্ত্রী ও ছেলেরা রাসেলকে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন। একপর্যায়ে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আহত রাসেলের বাবা ও মামলার বাদী ফজলুল হক অভিযোগ করেন, অভিযুক্তরা এর আগেও তাদের ব্যবসায় বাধা ও হুমকি দিয়ে আসছিলেন। ঘটনার পরও তাদের হত্যার হুমকি দেওয়া হচ্ছে বলে দাবি করেন তিনি। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রফিকুল ইসলাম বলেন, অভিযোগের কপি হাতে পাওয়ার পর বিষয়টি তদন্ত করা হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ