গৌরারং ইউনিয়নে যুবকের আত্মহত্যা
- আপলোড সময় : ৩০-০৮-২০২৬ ০৮:২৫:৩৫ পূর্বাহ্ন
- আপডেট সময় : ৩০-০৮-২০২৬ ০৮:২৫:৩৫ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের বেড়াজালী গ্রামে এমরান হোসেন (২২) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে জানাগেছে।। তিনি গ্রামের আব্দুল হাশেমের ছেলে এবং পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন। শনিবার সকালে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পরিবারের সদস্যরা জানান, প্রতিদিনের মতো শুক্রবার রাতে কাজ শেষে বাড়িতে ফেরেন এমরান। রাতে তিনি নিজ কক্ষে ছিলেন। ভোরে তাঁর মা সাহেরা বেগম ঘুম থেকে উঠে ঘরের দরজা খুলে বাইরে আসেন। এ সময় তিনি অস্বাভাবিক কিছু দেখতে পেয়ে ভয় পেয়ে স্বামী আব্দুল হাশেমকে ডাকেন। পরে পরিবারের সদস্যরা এমরানকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।
গৌরারং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শওকত আলী বলেন, এমরান হোসেন পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন। তিনি পরিবারের বড় ছেলে। তার উপার্জনের ওপর পরিবারের ৫-৬ জন সদস্য নির্ভরশীল ছিলেন। হঠাৎ তার মৃত্যুতে পরিবারটি বড় ধরনের সংকটে পড়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আপাতত একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে। নিহতের পকেট থেকে একটি চিঠি পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে মামলা বা অভিযোগ দেওয়া হলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ