টাঙ্গুয়ার হাওরে নারী পর্যটকদের জন্য নিরাপদ গোসলের স্থান নির্ধারণে চিঠি
- আপলোড সময় : ০৭-০৯-২০২৬ ১১:২৫:৪১ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৭-০৯-২০২৬ ১১:২৫:৪১ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরে নারী পর্যটকদের জন্য সংরক্ষিত পৃথক ও নিরাপদ গোসলের স্থান নির্ধারণের অনুরোধ জানানো হয়েছে। এ বিষয়ে সুনামগঞ্জের জেলা প্রশাসককে চিঠি দিয়েছেন জেলার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. হাবিবুর রহমান চৌধুরী।
রোববার (৬ সেপ্টেম্বর) চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের কার্যালয় থেকে জেলা প্রশাসকের কাছে পাঠানো চিঠিতে টাঙ্গুয়ার হাওরের উপযুক্ত কোনো একটি স্থান নারী পর্যটকদের জন্য সংরক্ষণ করে পৃথক ও নিরাপদ গোসলের স্থান হিসেবে নির্ধারণ বা ঘোষণা করার অনুরোধ জানানো হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার ঐতিহ্যবাহী টাঙ্গুয়ার হাওর দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় পর্যটনকেন্দ্র। প্রতিবছর বিপুলসংখ্যক দেশি-বিদেশি পর্যটক হাওরের অনন্য প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে সেখানে আসেন। হাওরের স্বচ্ছ নীল পানিতে গোসল পর্যটকদের ভ্রমণের অন্যতম আকর্ষণ হলেও নারী পর্যটকদের জন্য সংরক্ষিত ও নিরাপদ গোসলের ব্যবস্থা না থাকায় তাঁরা অনেক সময় বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হন। ফলে ইচ্ছা থাকা সত্ত্বেও অনেক নারী পর্যটক হাওরের প্রাকৃতিক পরিবেশে গোসলের সুযোগ থেকে বঞ্চিত হন বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।
চিঠিতে আরও বলা হয়, টাঙ্গুয়ার হাওরে নারী পর্যটকদের নিরাপত্তা, ব্যক্তিগত গোপনীয়তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করা এবং হাওরভিত্তিক নারী ও পারিবারিক পর্যটনকে উৎসাহিত করার লক্ষ্যে উপযুক্ত কোনো একটি স্থান নির্ধারণ করে সেখানে সংরক্ষিত পৃথক ও নিরাপদ গোসলের ব্যবস্থা করা প্রয়োজন। এ জন্য টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ার সংলগ্ন এলাকায় একটি উপযুক্ত স্থান চিহ্নিত করে নারী পর্যটকদের জন্য সংরক্ষণপূর্বক পৃথক ও নিরাপদ গোসলের স্থান হিসেবে তা নির্ধারণ বা ঘোষণা করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসককে বিশেষভাবে অনুরোধ করেছেন চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট।
চিঠির অনুলিপি প্রধান বিচারপতির রেজিস্ট্রার জেনারেল, সুনামগঞ্জের জেলা ও দায়রা জজ, সচিব - বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের চেয়ারম্যান, পুলিশ সুপার, সুনামগঞ্জ; তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা, তাহিরপুর থানার অফিসার ইনচার্জ ও পাবলিক প্রসিকিউটর, সুনামগঞ্জকে দেওয়া হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ