শহরে যানজট নিরসন, সড়ক ও ফুটপাত দখলমুক্ত এবং নাগরিক শৃঙ্খলা পৌর প্রশাসনের অভিযান অব্যাহত রাখতে হবে
- আপলোড সময় : ০৯-০৯-২০২৬ ০৮:৫৭:৩৮ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৯-০৯-২০২৬ ০৮:৫৭:৩৮ পূর্বাহ্ন
সুনামগঞ্জ শহরের যানজট নিরসন, সড়ক ও ফুটপাত দখলমুক্ত এবং নাগরিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে পৌর প্রশাসনের সাম্প্রতিক অভিযান নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ। দীর্ঘদিন ধরে শহরের প্রধান সড়ক, ফুটপাত ও গুরুত্বপূর্ণ মোড়গুলো দখল করে ব্যবসা পরিচালনা, যত্রতত্র যানবাহন রাখা এবং অনিবন্ধিত ব্যাটারিচালিত ইজিবাইক ও অটোরিকশার অবাধ চলাচলের কারণে শহরবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এমন পরিস্থিতিতে প্রশাসনের কঠোর অবস্থান জরুরি ছিল।
গত সোমবার ট্রাফিক পয়েন্ট ও কালীবাড়ি এলাকায় পরিচালিত অভিযানে ১৮টি মামলা করে ১৮ জনের কাছ থেকে ৩১ হাজার টাকা জরিমানা আদায় এবং বিভিন্ন মালামাল ও ব্যবসায়িক সরঞ্জাম জব্দ করা হয়েছে। একই সঙ্গে সড়কের পাশে থাকা সিএনজি স্ট্যান্ড অপসারণ ও অবৈধ স্থাপনা সরিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এসব পদক্ষেপ শহরের শৃঙ্খলা ফেরাতে ইতিবাচক ভূমিকা রাখবে - এমনটাই প্রত্যাশা।
তবে প্রশ্ন হচ্ছে, অভিযান শেষ হওয়ার পর পরিস্থিতি কতটা বদলাবে? অতীতে দেখা গেছে, উচ্ছেদ অভিযান চলাকালে সড়ক ও ফুটপাত দখলমুক্ত হলেও কিছুদিন পর একই জায়গায় আবার দোকানপাট, ভাসমান ব্যবসা কিংবা অবৈধ পার্কিং ফিরে এসেছে। ফলে শুধু মামলা ও জরিমানা করে যানজটের স্থায়ী সমাধান সম্ভব নয়। প্রয়োজন ধারাবাহিক নজরদারি, সুষ্ঠু ব্যবস্থাপনা এবং কার্যকর বিকল্প ব্যবস্থা।
বিশেষ করে ব্যাটারিচালিত ইজিবাইক ও অটোরিকশার চলাচল নিয়ন্ত্রণের পাশাপাশি এগুলোর জন্য নির্দিষ্ট রুট ও স্ট্যান্ড নির্ধারণ করতে হবে। সিএনজি স্ট্যান্ডগুলোও পরিকল্পিত স্থানে স্থানান্তর করা প্রয়োজন। ফুটপাত পথচারীদের জন্য উন্মুক্ত রাখতে নিয়মিত মনিটরিং চালাতে হবে। একই সঙ্গে মাছ, সবজি ও ফল বিক্রেতাদের জন্য নির্দিষ্ট বাজার বা বিক্রয়স্থল তৈরি করা গেলে একদিকে তাদের জীবিকা রক্ষা হবে, অন্যদিকে সড়ক ও ফুটপাত দখলের প্রবণতাও কমবে।
পৌর প্রশাসক উচ্ছেদ করা স্থানগুলোতে স্থায়ীভাবে কর্মী রাখার যে উদ্যোগের কথা জানিয়েছেন, তা বাস্তবায়ন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ দখলমুক্ত জায়গা রক্ষা করাই হবে মূল চ্যালেঞ্জ। পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাপনায় আধুনিক পরিকল্পনা, প্রয়োজনীয় সাইন-সিগন্যাল, পার্কিং ব্যবস্থাপনা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত কার্যক্রম নিশ্চিত করতে হবে।
যানজট শুধু প্রশাসনের সমস্যা নয়; এটি নাগরিক শৃঙ্খলারও বিষয়। ব্যবসায়ী, পরিবহন শ্রমিক, চালক, পথচারী এবং সাধারণ নাগরিক - সবার দায়িত্বশীল আচরণ প্রয়োজন। আইন সবার জন্য সমানভাবে প্রয়োগ করতে হবে, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্রভাব যেন অভিযানের ধারাবাহিকতাকে বাধাগ্রস্ত করতে না পারে।
আমরা আশা করি, পৌর প্রশাসনের এই অভিযান সাময়িক প্রদর্শনীতে সীমাবদ্ধ থাকবে না। নিয়মিত অভিযান, স্থায়ী নজরদারি, পরিকল্পিত যানবাহন ব্যবস্থাপনা এবং নাগরিক সহযোগিতার মাধ্যমে সুনামগঞ্জ শহরকে সত্যিকার অর্থেই যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও শৃঙ্খলাপূর্ণ শহর হিসেবে গড়ে তোলা হবে। শহরবাসী এখন শুধু অভিযান দেখতে চায় না - চায় এর স্থায়ী সুফল।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

সম্পাদকীয়