মতবিনিময় সভায় জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম পাটোয়ারী
জাতীয় ঐক্য নষ্টকারী ড. ইউনূস দেশে মব কালচারের জন্ম দিয়েছেন
- আপলোড সময় : ১১-০৯-২০২৬ ০৪:০৫:২২ অপরাহ্ন
- আপডেট সময় : ১১-০৯-২০২৬ ০৪:০৫:২২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার ::
বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন, নারী ও শিশু নির্যাতন এবং ধর্ষণ বেড়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। সুনামগঞ্জ শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন উপজেলার জাপা নেতৃবৃন্দ অংশ নেন।
ব্যারিস্টার শামীম পাটোয়ারী বলেন, আমরা স্বীকার করছি ড. ইউনূসের ভঙ্গুর অর্থনীতির উপর দাঁড়িয়ে আছে সরকার। জাতীয় ঐক্য নষ্টকারী ড. ইউনূস দেশের ইতিহাসে মব কালচারের জন্ম দিয়েছেন। ইউনূসের আমলে দেশে সবচেয়ে বেশি মব হয়েছে। ইউনূস নিজে শান্তিতে নোবেল জয়ী হয়েও দেশের শান্তির জন্য কিছু করেননি। তিনি জাতিকে বিভাজিত করেছিলেন। দেশ এখন খাদের কিনারে।
তিনি আরও বলেন, বর্তমান সরকার দেশের কোন সংকট সমাধান করতে পারছে না। দেশে বিদ্যুৎ, গ্যাস, সার নাই। গঙ্গাচুক্তি পুনরায় না হলে কিছুদিন পরে দেশে পানিও থাকবেনা।
গত জাতীয় নির্বাচনে সারাদেশে জাতীয় পার্টিকে হারিয়ে দেওয়া হয়েছে মন্তব্য করে তিনি বলেন, মেটিকুলাস ডিজাইনে সারাদেশে জাতীয় পার্টিকে হারিয়ে দেওয়া হয়েছে। রংপুরে জিএম এরশাদ কখনো হারার কথা না। জাতীয় পার্টিকে মাত্র শূন্য সাড়ে আট ভাগ ভোট দেখানো হয়েছে। এভাবে সারাদেশে এরশাদের জনপ্রিয় দল জাতীয়পার্টিকে হারিয়ে দেওয়া হয়েছে। জাতীয় পার্টি ছাড়া সংসদ অকার্যকর। সংসদে এখন সংসদীয় চর্চা হচ্ছেনা।
সারাদেশে সংখ্যালঘু নির্যাতন বাড়ছে মন্তব্য করে তিনি বলেন, রংপুরে সংখ্যালঘু পরিবারের চারজনকে নির্মমভাবে খুন করা হয়েছে। দেশে নারী ও শিশু নির্যাতন ও ধর্ষণ বেড়েছে। আইন শৃঙ্খলার অবনতি ঘটছে। জাতি এখন অন্ধকারে নিমজ্জিত। এই অবস্থায় জাতীয় পার্টিই দেশকে সংকট থেকে উদ্ধার করতে পারে বলে মন্তব্য করেন তিনি।
জাতীয় পার্টি (জাপা) মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী আরও বলেন, এরশাদ স্বৈরাচার ছিলেন না, তিনি ছিলেন এ দেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ শাসক। তাঁর শাসনামলে দেশের মানুষ শান্তিতে থেকেছে, মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে। জাতীয় পার্টি মানেই শান্তি, এরশাদ মানে গণতন্ত্র। দেশকে অন্ধকারে নিমজ্জিত হওয়া থেকে রক্ষা করতে এরশাদ মডেলে দেশ চালাতে হবে। আগামীর বাংলাদেশ হবে এরশাদের বাংলাদেশ।
মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, আলমগীর সিকদার লোটন, মো. আরিফুর রহমান খান, মো. খলিলুর রহমান খলিল এবং ভাইস চেয়ারম্যান আহাদ ইউ চৌধুরী শাহীন।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সিলেট বিভাগীয় সাংগঠনিক কমিটির আহ্বায়ক মো. জহিরুল ইসলাম জহির।
সভায় সভাপতিত্ব করেন জাতীয় পার্টি সুনামগঞ্জ জেলা শাখার আহ্বায়ক মনির উদ্দিন মনির। সভা পরিচালনা করেন জেলা জাতীয় পার্টির সদস্য সচিব অ্যাডভোকেট নাজমুল হুদা হিমেল।
মতবিনিময় সভায় সুনামগঞ্জ জেলা জাপার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ