তাহিয়া একাডেমির উদ্যোগে সাঁতার প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত
- আপলোড সময় : ১২-০৯-২০২৬ ০১:৪২:৩৮ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১২-০৯-২০২৬ ০১:৪২:৩৮ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
‘সময়ের কাজ সময়ে করি, সাঁতার শিখে জীবন গড়ি’ এই স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জে তাহিয়া একাডেমির উদ্যোগে সাঁতার প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে সুনামগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন পুকুরে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে শিশুদের সাঁতার শেখানোর পাশাপাশি পানিতে ডুবে দুর্ঘটনা ও শিশুমৃত্যু প্রতিরোধে সচেতনতার ওপর গুরুত্ব দেওয়া হয়।
সাঁতার প্রশিক্ষণের উদ্বোধনী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন তাহিয়া একাডেমির উপদেষ্টা ও দৈনিক সুনামকণ্ঠের স¤পাদক বিজন সেন রায়। এ সময় বক্তব্য দেন ফায়ার সার্ভিস কর্মকর্তা ও প্রশিক্ষক আলী হায়দার, অভিভাবক রিংকু চৌধুরী, ইউপি সদস্য মো. গিয়াস উদ্দিন ও হোসেন আলী।
প্রধান অতিথির বক্তব্যে বিজন সেন রায় বলেন, পানিতে ডুবে শিশুমৃত্যু প্রতিরোধে সচেতনতার পাশাপাশি বাস্তবভিত্তিক দক্ষতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি শিশু সাঁতার জানলে পানিতে হঠাৎ পড়ে গেলে আত্মরক্ষার সুযোগ অনেক বেড়ে যায়। তাই পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি স্থানীয় প্রশাসনকেও শিশুদের সাঁতার শেখানোর বিষয়টি গুরুত্বের সঙ্গে নিতে হবে।
প্রশিক্ষক আলী হায়দার বলেন, সাঁতার শুধু বিনোদন বা শারীরিক ব্যায়াম নয়, এটি জীবন রক্ষার একটি গুরুত্বপূর্ণ দক্ষতা। তাই প্রত্যেক শিশুকে ছোটবেলা থেকেই সাঁতার শেখানোর উদ্যোগ নেওয়া উচিত।
অভিভাবক রিংকু চৌধুরী বলেন, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সাঁতার একই সঙ্গে শরীরচর্চা, বিনোদন ও আত্মরক্ষার দক্ষতা হিসেবে কাজ করে। তাই শিশুদের জন্য নিয়মিত ও নিরাপদ সাঁতার প্রশিক্ষণের ব্যবস্থা করা প্রয়োজন।
তাহিয়া একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক ও সাংবাদিক শফিউল আলম বলেন, দুই বছর আগে আমার বাড়ির পেছনের পুকুরের পানিতে ডুবে আমার মেয়ে তাহিয়া জান্নাত মারা যায়। ওই দিনই আমি শপথ নিই, শিশুদের সাঁতার শেখানোর মাধ্যমে তাদের জীবন নিরাপদ করার চেষ্টা করব। তিনি বলেন, সেই শপথ থেকেই লাইফ জ্যাকেট ব্যবহার করে শিশুদের বিনামূল্যে সাঁতার শেখিয়ে আসছি। এ পর্যন্ত অংশগ্রহণকারীদের মধ্যে প্রায় ৪০ জন শিশুকে সাঁতার শেখাতে পেরেছি।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ