স্টাফ রিপোর্টার ::
বিপুল পরিমাণ ভারতীয় বিড়ি ও মদসহ কামাল উদ্দিন (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৮৪ হাজার পিস ভারতীয় বিড়ি ও ১২৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। পুলিশের হিসাবে উদ্ধারকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ১২ হাজার টাকা। শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশ এই অভিযান পরিচালনা করে। আটক কামাল উদ্দিন সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর (নোয়াপাড়া) গ্রামের আবদুস ছমেদের ছেলে। পুলিশ জানায়, অভিযানে কামাল উদ্দিনের কাছ থেকে ৮৪ হাজার পিস ভারতীয় শেখ নাসির উদ্দিন বিড়ি উদ্ধার করা হয়। এসব বিড়ির আনুমানিক মূল্য ৪ লাখ ২০ হাজার টাকা। একই অভিযানে ১২৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১ লাখ ৯২ হাজার টাকা। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও ৩ থেকে ৪ জন ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ। তাদের পরিচয় শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রতন শেখ (পিপিএম) বলেন, মাদক ও সীমান্ত চোরাচালানের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও বিড়ি জব্দ এবং একজনকে আটক করা হয়েছে। পালিয়ে যাওয়া ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। তিনি আরও বলেন, মাদক ও চোরাচালানের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অপরাধ প্রতিরোধে পুলিশের অভিযান চলমান থাকবে। এ ঘটনায় আটক ব্যক্তি এবং পলাতক আসামিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
বিপুল পরিমাণ ভারতীয় মদ-বিড়িসহ আটক ১
- আপলোড সময় : ১২-০৯-২০২৬ ০১:৪৯:৫৩ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১২-০৯-২০২৬ ০১:৫৭:৪৩ পূর্বাহ্ন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ