ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু
- আপলোড সময় : ১৫-০৯-২০২৬ ০১:১৫:২৪ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৫-০৯-২০২৬ ০১:১৫:২৪ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
নদীতে সিসি ক্যামেরা বসিয়েও বালু লুটেরাদের থামানো যাচ্ছেনা। সোমবার ভোররাতে চালবন্দ পয়েন্ট দিয়ে অন্তত ২০টি বালুভর্তি ট্রাক লুটের বালু নিয়ে সুনামগঞ্জ শহরের দিকে প্রবেশ করেছে। সোমবার ভোরে জেলা শহরে কর্মরত অন্তত ১৫ জন সাংবাদিক এই দৃশ্য দেখেছেন। এর মধ্যে একটি আঞ্চলিক দৈনিক এই লুটের বালু ভর্তি ট্রাকে পাচারের দৃশ্য লাইভ করতে দেখা গেছে।
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর ও সদর উপজেলা দিয়ে প্রবাহিত সীমান্ত নদী ধোপাজান বালু মহাল দীর্ঘদিন ধরে বালু আহরণ বন্ধ আছে। তবে রাতের আঁধারে সবসময় বালু চুরির ঘটনা ঘটছে। সম্প্রতি সুনামগঞ্জ সদর থানা পুলিশ ডলুরা এলাকায় নদীতে সিসি ক্যামেরা স্থাপন করেছে। সিসি ক্যামেরার আওতা থেকে দূরে এসে বালুখেকোরা রাতের আঁধারে বালু লুট করছে। তবে লুটের বালু নদীপথে না এনে চালবন্দ পয়েন্ট দিয়ে ট্রাকে করে বের করছে। প্রতিদিন ভোর রাতে ২০-৩০টি ট্রাক বালু পাচার করে। সোমবার ভোরে ট্রাকযোগে বালু পাচারের দৃশ্য স্থানীয় দৈনিক পত্রিকা দৈনিক সুনামকণ্ঠ পত্রিকার মাল্টিমিডিয়ায় প্রচার হয়। এতে দেখা যায় ‘ঢাকা মেট্রো-ট ২৪৩৪৫৮’ নম্বরের একটি হাইড্রোলিক ট্রাকসহ অন্তত ২০টি ট্রাক লুটের বালু পাচার করছে। এসময় চালবন্দের বাপ্পী, লালপুরের নূরুল আমিনসহ কয়েকজনকে ট্রাকগুলোকে নানা নির্দেশনা দিতে দেখা যায়।
অভিযোগ আছে, ধোপাজান নদী থেকে একটি চক্র প্রতিদিনই হাজার হাজার ফুট বালু লুট হয়। এই বালু সদর থানা পুলিশের সিসি ক্যামেরার ভয়ে নদীপথে না এনে এখন বিশ্বম্ভরপুর থানার অধীন চালবন্দ পয়েন্ট দিয়ে জেলা শহরসহ বিভিন্ন স্থানে পরিবহন করছে।
সুনামগঞ্জ শহরের বাসিন্দা গোলাম হোসেন অভি বলেন, আমার রেকর্ডীয় জমি থেকেও বালু লুট করছে একটি চক্র। সোমবার ভোরে গিয়ে দেখি চালবন্দ পয়েন্টে প্রায় ২০টি ট্রাক ধোপাজান নদীর বালু লুট করে পাচার করছে। এসময় সুনামগঞ্জ শহরের অন্তত ১৫জন সাংবাদিকও দেখেছেন বালু লুটের দৃশ্য। তারা কেউ কেউ সেই দৃশ্য লাইভও করেছেন। লালপুর ও চালবন্দের একটি চক্রসহ নদীতীরবর্তী এলাকার কিছু বালু লুটেরা এতে জড়িত।
বিশ্বম্ভরপুর থানার এসআই ইয়াসিন বলেন, ওসি স্যার মিটিংয়ে গেছেন। চালবন্দ পয়েন্ট দিয়ে ধোপাজান নদীর বালু ট্রাকে করে পাচারের বিষয়টি
আমার জানা নেই। আজ ভোরে কি হয়েছে জানিনা। তবে আমরা এমন ঘটনা দেখলে অবশ্যই ব্যবস্থা নেব।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ