সিলেট-সুনামগঞ্জ সড়ক চারলেনে উন্নীত করার দাবি
- আপলোড সময় : ১৫-০৯-২০২৬ ০১:২৩:৩৬ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৫-০৯-২০২৬ ০১:২৩:৩৬ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, চলমান উন্নয়ন কার্যক্রম এবং জনকল্যাণমূলক বিভিন্ন কর্মসূচির সমন্বয় ও কার্যকর বাস্তবায়নের লক্ষ্যে সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়ককে চারলেনে উন্নীত করার দাবি জানিয়েছেন সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. মিজানুর রহমান চৌধুরী।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ আলহাজ মো. জি কে গউছ, এমপি। সুনামগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুর রহমানের সভাপতিত্বে সভায় জেলার সংসদীয় আসনের সংসদ সদস্যগণ, জেলা পরিষদের প্রশাসক মো. মিজানুর রহমান চৌধুরীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিত করা এবং চলমান সরকারি উন্নয়ন প্রকল্পের গতি বাড়ানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে সাধারণ মানুষের কল্যাণে গৃহীত বিভিন্ন কর্মসূচি দ্রুত ও সমন্বিতভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় মিজানুর রহমান চৌধুরী সুনামগঞ্জের যোগাযোগব্যবস্থার উন্নয়নে সিলেট-সুনামগঞ্জ সড়ককে চারলেনে উন্নীত করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। তিনি বলেন, সুনামগঞ্জের অর্থনৈতিক ও পর্যটন সম্ভাবনা কাজে লাগাতে উন্নত যোগাযোগব্যবস্থা অপরিহার্য। সিলেটের সঙ্গে সুনামগঞ্জের সড়ক যোগাযোগ আরও আধুনিক ও নিরাপদ করতে সড়কটি চারলেনে উন্নীত করা হলে জেলার মানুষের যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি ব্যবসা-বাণিজ্য, পর্যটন ও সামগ্রিক অর্থনৈতিক কর্মকা-ে গতি আসবে।
সভায় বক্তারা বলেন, জননিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি উন্নয়ন কার্যক্রমের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে সংশ্লিষ্ট সব দপ্তর ও প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সমন্বয় প্রয়োজন। জেলার উন্নয়ন ও জনকল্যাণে প্রশাসন, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
সভায় জেলার বিদ্যমান সমস্যা, সম্ভাবনা এবং বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের ক্ষেত্রে প্রয়োজনীয় বিষয়গুলো তুলে ধরেন জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তারা। পাশাপাশি আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা এবং জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়ার বিষয়ে বিভিন্ন সুপারিশ উঠে আসে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ