বিশেষ প্রতিনিধি::
ডিসেম্বরে আসা-যাওয়া নিয়ে গুজব ছড়ানো হচ্ছে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ জিকে গউছ। সোমবার সকালে সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার সার্বিক আইনশৃঙ্খলা, উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জিকে গউছ বলেন, দুর্গাপূজাকে সামনে রেখে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা সুযোগ নিতে পারে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেন হুইপ। মন্ডপে মন্ডপে সিসি ক্যামেরা স্থাপন, সার্বক্ষণিক আনসার মোতায়েন, পুলিশের টহল জোরদারসহ মন্ডপ এলাকায় নাশকতা প্রতিরোধে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের নির্দেশ দেন তিনি। তিনি অনলাইন জুয়া, মাদক ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি অনুসরণের নির্দেশ দেন। হুইপ জিকে গউছ বলেন, মাদকের বিরুদ্ধে কোনো ছাড় নেই। মাদক সেবন, পরিবহন ও বিক্রির সঙ্গে যে-ই জড়িত থাকুক, সে যেই হোক, কোনো ছাড় দেওয়া হবে না। সুনামগঞ্জের পুলিশ সুপারকে উদ্দেশ্য করে জিকে গউছ আরও বলেন, ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়। কেউ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট না আমরা যেগুলো ফেস করছি, এগুলো যেন এখন আর না হয়, এটা মাথায় রাখবেন। কোনো মিথ্যা মামলা বানিয়ে মানুষকে আসামি করবেন না। আবার কোনো আসামি যেন বুকটান করে রাস্তায় হাঁটতে না পারে। অপরাধী সর্বাবস্থায় অপরাধী, তার যে পরিচয়ই থাকুক এ ব্যাপারে কোনো কমপ্রোমাইজ নেই'। জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এডভোকেট নূরুল ইসলাম নূরুল, সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর আহমেদ, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল, সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান চৌধুরী, পুলিশ সুপার এবিএম জাকির হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক অসীম চন্দ্র বণিক, সিভিল সার্জন ডা. জালাল উদ্দিন মোর্শেদ প্রমুখ। সভায় জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
আইনশৃঙ্খলা, উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কার্যক্রম সমন্বয় সভা
ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ
- আপলোড সময় : ১৫-০৯-২০২৬ ০৯:৫৫:৪৭ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৫-০৯-২০২৬ ০৯:৫৭:১২ পূর্বাহ্ন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

বিশেষ প্রতিনিধি