মো. বায়েজীদ বিন ওয়াহিদ::
৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর বিভাগীয় পর্যায়ে হ্যান্ডবল (বালক) ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়।
বৃহস্পতিবার সিলেট বিভাগীয় উপ-অঞ্চল ক্রীড়া সংস্থার আয়োজনে সিলেট স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় কৃতিত্বের সঙ্গে অংশ নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বিদ্যালয়টির হ্যান্ডবল দল।
উপজেলা ও জেলা পর্যায়ের প্রতিযোগিতায় সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে বিভাগীয় পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করে আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের খেলোয়াড়রা। প্রতিযোগিতায় নিজেদের দক্ষতা, শৃঙ্খলা ও দলীয় সমন্বয়ের পরিচয় দিয়ে তারা সিলেট বিভাগের সেরা হওয়ার কৃতিত্ব অর্জন করে। বিদ্যালয়ের হ্যান্ডবল দলের এ সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। হাওরাঞ্চলের একটি মফস্বল এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানের এমন সাফল্য স্থানীয় ক্রীড়াঙ্গনেও ব্যাপক প্রশংসা পেয়েছে। আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৌফিকুল ইসলাম তালুকদার বলেন, “হাওরাঞ্চলের মফস্বল এলাকার একটি শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে বিভাগীয় পর্যায়ে আমাদের এই অর্জন অত্যন্ত আনন্দের ও গর্বের। এ সাফল্য শিক্ষার্থীদের আগামী দিনে আরও বড় অর্জনের জন্য অনুপ্রেরণা জোগাবে।
জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রাণী মোদক বলেন, “হাওরাঞ্চলের মফস্বল এলাকায় আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার সাফল্য অত্যন্ত প্রশংসনীয়। এ অর্জন আগামী দিনে শিক্ষার্থীদের খেলাধুলায় আরও উৎসাহিত করবে। জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায়ও তারা ভালো ফলাফল অর্জন করবে—এ প্রত্যাশা করছি।”
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়
- আপলোড সময় : ১৮-০৯-২০২৬ ০৭:৪০:১০ অপরাহ্ন
- আপডেট সময় : ১৮-০৯-২০২৬ ০৭:৪১:৪৮ অপরাহ্ন
ছবি: বিজয়ী দল
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ