সুনামগঞ্জ সদর হাসপাতাল জনবল সংকট দ্রুত নিরসন করুন
- আপলোড সময় : ২০-০৯-২০২৬ ১২:২১:৪৮ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২০-০৯-২০২৬ ১২:২১:৪৮ পূর্বাহ্ন
সুনামগঞ্জ সদর হাসপাতালের বর্তমান চিত্র শুধু একটি হাসপাতালের জনবল সংকটের বিষয় নয়; এটি হাওরাঞ্চলের বিপুল জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা পাওয়ার বাস্তব দুর্ভোগের প্রতিচ্ছবি। ২৫০ শয্যার এই হাসপাতালে প্রতিদিন ৭০০ থেকে ৮০০ রোগী চিকিৎসা নিতে আসছেন, কোনো কোনো দিন সংখ্যা ৯০০ ছাড়িয়ে যাচ্ছে। অথচ ৭৪টি চিকিৎসক পদের বিপরীতে কর্মরত মাত্র ২৫ জন। নার্স, মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টের পদেও রয়েছে বড় ধরনের ঘাটতি। এই বাস্তবতায় মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করা কতটা কঠিন, তা সহজেই অনুমেয়।
সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, এই সংকট সাময়িক নয়। গত সাত-আট মাস ধরে হাসপাতালটিতে অতিরিক্ত রোগীর চাপ অব্যাহত রয়েছে। অথচ রোগীর সংখ্যা বাড়লেও সেই অনুপাতে চিকিৎসক, নার্স, ওষুধ, শয্যা কিংবা অন্যান্য সহায়ক জনবল বাড়েনি। ফলে সীমিত জনবলকে অতিরিক্ত দায়িত্ব পালন করতে হচ্ছে। এতে চিকিৎসকদের ওপর যেমন অসহনীয় চাপ তৈরি হচ্ছে, তেমনি রোগীরাও দীর্ঘ অপেক্ষা, পর্যাপ্ত চিকিৎসক না পাওয়া এবং প্রয়োজনীয় ওষুধের সংকটে পড়ছেন।
একটি সরকারি হাসপাতালের মূল উদ্দেশ্য হলো সাধারণ মানুষের জন্য সহজলভ্য ও সাশ্রয়ী চিকিৎসা নিশ্চিত করা। কিন্তু সেখানে যদি রোগীকে চিকিৎসকের অপেক্ষায় ঘণ্টার পর ঘণ্টা থাকতে হয় কিংবা হাসপাতাল থেকে ওষুধ না পেয়ে বাইরে থেকে কিনতে হয়, তাহলে সরকারি স্বাস্থ্যসেবার কাক্সিক্ষত লক্ষ্য ব্যাহত হয়। বিশেষ করে দরিদ্র ও নি¤œআয়ের মানুষের জন্য এ পরিস্থিতি আরও দুর্ভোগের।
সুনামগঞ্জের ভৌগোলিক বাস্তবতাও বিবেচনায় নেওয়া জরুরি। জেলার প্রত্যন্ত হাওরাঞ্চল থেকে অনেক মানুষ উন্নত চিকিৎসার আশায় সদর হাসপাতালে আসেন। জেলা পর্যায়ে এটি তাদের অন্যতম প্রধান চিকিৎসাকেন্দ্র। ফলে এই হাসপাতালের সক্ষমতা দুর্বল হলে তার প্রভাব পড়ে পুরো জেলার স্বাস্থ্যব্যবস্থায়।
এ অবস্থায় শুধু চিকিৎসক নিয়োগ করলেই হবে না; নার্স, মেডিকেল টেকনোলজিস্ট, ফার্মাসিস্টসহ প্রয়োজনীয় সব পদ দ্রুত পূরণ করতে হবে। ২৫০ শয্যার হাসপাতাল দিয়ে যখন নিয়মিত তিন গুণের বেশি রোগীকে সেবা দিতে হচ্ছে, তখন বাস্তব রোগীর চাপ বিবেচনায় শয্যা ও জনবল বৃদ্ধির উদ্যোগও জরুরি। প্রয়োজনীয় ওষুধের সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি হাসপাতালের পরিচ্ছন্নতা ও ব্যবস্থাপনার দিকেও নজর দিতে হবে।
আমরা মনে করি, সুনামগঞ্জ সদর হাসপাতালের সংকট দীর্ঘদিনের হলেও এর সমাধান অসম্ভব নয়। প্রয়োজন শুধু প্রশাসনিক সদিচ্ছা, বাস্তবভিত্তিক পরিকল্পনা এবং দ্রুত সিদ্ধান্ত। মানুষের জীবন ও স্বাস্থ্য নিয়ে আর অপেক্ষা নয় - সুনামগঞ্জ সদর হাসপাতালের জনবল ও অবকাঠামোগত সংকট নিরসনে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

সম্পাদকীয়