কমরেড বদরুদ্দীন উমরের মৃত্যুবার্ষিকী পালিত
- আপলোড সময় : ২০-০৯-২০২৬ ১২:৩০:৪১ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২০-০৯-২০২৬ ১২:৩০:৪১ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
কমরেড বদরুদ্দীন উমরের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে ‘বিপ্লবী বদরুদ্দীন উমরের পথ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় তাঁর রাজনৈতিক চিন্তা, লেখালেখি, গবেষণা এবং দেশের সমাজ রাজনীতি বিশ্লেষণে দীর্ঘদিনের ভূমিকা নিয়ে আলোচনা করেন বক্তারা।
১৯ সেপ্টেম্বর (শনিবার) শহরের প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ লেখক শিবির, সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ লেখক শিবির সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি সিদ্ধার্থ আচার্য্যের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দুলন দেবনাথের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন শাহজালাল মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এনামুল কবীর, এমডিএফের সভাপতি রত্নাংকুর দাস, জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি আলতাফুর রহমান, সংগঠক চন্দন আচার্য্য, শিক্ষক সুবল বিশ্বাস ও ছাত্রনেতা ফজলে রাব্বী।
বক্তারা বলেন, বদরুদ্দীন উমর বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক ইতিহাস, রাষ্ট্রব্যবস্থা, শ্রেণি ও সমাজের বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘ সময় ধরে লেখালেখি ও গবেষণা করেছেন। তাঁর প্রকাশিত বিভিন্ন গ্রন্থ ও প্রবন্ধ দেশের রাজনীতি ও সমাজ বিশ্লেষণের ক্ষেত্রে আলোচনার বিষয় হয়ে এসেছে।
আলোচনায় বক্তারা তাঁর রাজনৈতিক অবস্থান ও চিন্তাধারার বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি বর্তমান প্রজন্মের কাছে তাঁর লেখালেখি ও গবেষণাকর্ম পাঠ এবং তা নিয়ে যুক্তিনির্ভর আলোচনা বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়।
সভায় বক্তারা আরও বলেন, একজন লেখক ও রাজনৈতিক চিন্তাবিদ হিসেবে বদরুদ্দীন উমরের দীর্ঘ কর্মজীবন বাংলাদেশের বুদ্ধিবৃত্তিক পরিসরে আলোচিত। তাঁর রচনা ও রাজনৈতিক চিন্তা নিয়ে মতপার্থক্য থাকলেও ইতিহাস, সমাজ ও রাজনীতির বিভিন্ন বিষয় বোঝার ক্ষেত্রে তাঁর কাজ নিয়ে পাঠ ও পর্যালোচনার সুযোগ রয়েছে।
আলোচনা সভায় লেখক শিবিরের নেতৃবৃন্দসহ শিক্ষক, লেখক, সাংস্কৃতিক কর্মী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ