সোনাই নদী শুল্ক স্টেশন স্থাপনের বিরোধিতায় পাঁচ যুক্তি
অপপ্রচারের প্রতিবাদে ইসলামপুর ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন
- আপলোড সময় : ২২-০৯-২০২৬ ০৯:১২:৪৬ অপরাহ্ন
- আপডেট সময় : ২২-০৯-২০২৬ ০৯:১২:৪৬ অপরাহ্ন
দোয়ারাবাজার প্রতিনিধি :
সোনাই নদীপথে ছাতক-আসাম রুট চালু ও শুল্ক স্টেশন স্থাপনের বিরোধিতা করে বক্তব্য দেওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ছাতক উপজেলার ১নং ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সুফি আলম সোহেল।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে ইসলামপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে তিনি এ সংবাদ সম্মেলন করেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ১৭ সেপ্টেম্বর সিলেট কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের উদ্যোগে সোনাই নদী শুল্ক স্টেশন চালু নিয়ে মতবিনিময় সভায় তিনি জনপ্রতিনিধি হিসেবে অংশ নেন। সেখানে ছাতক ও দোয়ারাবাজারের সীমান্ত এলাকার ব্যবসায়ীদের স্বার্থ এবং চেলা ও ইছামতী নদীর বিদ্যমান এলসি রুট যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে মত দেন। সভা শেষে কমিশনার সরেজমিন পরিদর্শন ও যাচাই-বাছাইয়ের পর আবার মতবিনিময় সভা আহ্বানের কথা জানান।
চেয়ারম্যানের অভিযোগ, সভার পর শুল্ক স্টেশন চালুর আবেদনকারী গ্রুপের কয়েকজন সদস্য ঔদ্ধত আচরণ করেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে আপত্তিকর মন্তব্য এবং এআই দিয়ে ছবি বিকৃত করে প্রচার করা হয়। তিনি এসব প্রচারণার প্রতিবাদ জানিয়ে মতপার্থক্য আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানান।
সোনাই নদী এলাকায় শুল্ক স্টেশন স্থাপনের বিরোধিতায় তিনি বলেন, চেলা ও ইছামতী নদীর শুল্ক স্টেশন থেকে সোনাই নদীর দূরত্ব প্রায় এক কিলোমিটার এবং ভোলাগঞ্জ স্থলবন্দর থেকে প্রায় দুই কিলোমিটার। তিন কিলোমিটারের মধ্যে তিনটি শুল্ক স্টেশন থাকায় নতুন শুল্ক স্টেশনের প্রয়োজন নেই বলে তিনি মনে করেন।
তার দাবি, সোনাই নদীপথে চোরাচালানের ঝুঁকি রয়েছে এবং নতুন রুট চালু হলে তা বাড়তে পারে। একই সঙ্গে নদীর সীমান্তঘেঁষা অংশে বিএডিসির সেচ প্রকল্পের রাবার ড্যাম থাকায় অবাধ নৌযান চলাচলে সেটি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
তিনি আরও বলেন, ছাতক লাইমস্টোন ইমপোর্টার্স অ্যান্ড সাপ্লায়ার্স গ্রুপসহ সংশ্লিষ্ট কয়েকটি পক্ষ সোনাই নদীতে শুল্ক স্টেশন স্থাপনের বিরোধিতা করেছে। অন্যদিকে শুল্ক স্টেশনের পক্ষে থাকা দুটি সংগঠন ইউনিয়ন পরিষদ থেকে ট্রেড লাইসেন্স নেয়নি এবং তার জানামতে সেগুলো নিবন্ধিত নয়। রুট চালুর আগেই দুটি সংগঠন থাকায় ব্যবসায়ীদের মধ্যে বিভাজন ও দ্বন্দ্ব সৃষ্টির আশঙ্কাও প্রকাশ করেন তিনি।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

দোয়ারাবাজার প্রতিনিধি