কারারক্ষীরাও আওয়ামী লীগের, তারা আমাকে ‘জুলাই জঙ্গি’ বলে গালি দিত : গাজী সালাউদ্দিন তানভীর
- আপলোড সময় : ২৬-০৯-২০২৬ ১২:৫৩:০৫ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৬-০৯-২০২৬ ১২:৫৩:০৫ পূর্বাহ্ন
সুনামকণ্ঠ ডেস্ক ::
কারাগারে অপরিচ্ছন্ন ও আলো-বাতাসহীন সেলে রাখা এবং রিমান্ডে নির্যাতনের অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অব্যাহতিপ্রাপ্ত যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীর। এছাড়া তাকে যে কারাগারে রাখা হয় সেখানের কারারক্ষীরা আওয়ামী লীগের বলেও অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, কারারক্ষীরাও আওয়ামী লীগের। তাদের বেশিরভাগই সিরাজগঞ্জের শাহজাদপুরের এবং তারা আমাকে ‘জুলাই জঙ্গি’ বলে গালিগালাজ করত। আশপাশের কয়েদিরাও আওয়ামী লীগের আসামি। তারাও যা-তা বলে সম্বোধন করত।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলেন তিনি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে গাজী সালাউদ্দিন তানভীর বলেন, ২ আগস্ট সাইবার সুরক্ষা আইনে আমার বিরুদ্ধে মামলা করা হয়, অথচ ৫ আগস্ট বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতার দিনে আমাকে গ্রেফতার করা হয়। আমাকে বগুড়ায় কারাগারের এমন একটি সেলে নেওয়া হয়, যেটি চরম অপরিচ্ছন্ন এবং আলো-বাতাসহীন। বিদ্যুৎও নেই, একটা ফ্যানও নেই।
তিনি বলেন, ৫ আগস্ট যেদিন প্রথম জেলে নেওয়া হলো জুলাই গণঅভ্যুত্থান দিবসে সবাইকে ভালো খাবার দেওয়া হলো, কিন্তু আমাকে দুইদিনের পচা খাবার দেওয়া হলো। কারাগারে এমন পচা-বাসি খাবারদাবার দেওয়া হতো, খাওয়ার অযোগ্য। একপর্যায়ে আমার ডায়রিয়া হয়ে যায়। চিকিৎসার জন্য শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় আমাকে।
গাজী সালাউদ্দিন তানভীর আরও বলেন, কেরানীগঞ্জে যেখানে রাখা হলো ওটাও খুবই খারাপ সেল। পিজি হাসপাতালে চিকিৎসার জন্য আনা হলো, এদিক সেদিক ঘুরায় শুধু। এখানে ডাক্তার দেখিয়ে জেলে নেওয়ার সময় গাড়িতে হঠাৎ সাদা পোশাকে কয়েকজন লোক উঠে আসে, তারা আমাকে টর্চার করে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

সুনামকন্ঠ ডেস্ক