জামালগঞ্জে ৪টি স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা
- আপলোড সময় : ২৭-০৯-২০২৬ ০৭:৫৩:২৭ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৭-০৯-২০২৬ ০৭:৫৩:২৭ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার::
পরিবেশ দূষণ রোধে কঠোর অবস্থানের অংশ হিসেবে জামালগঞ্জে অবৈধ ও নিয়মবহির্ভূতভাবে পরিচালিত স্টোন ক্রাশার মেশিনের বিরুদ্ধে মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত) পরিচালনা করা হয়েছে। বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা লংঘন করায় চারটি প্রতিষ্ঠানকে ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়।
শনিবার পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয় এবং জামালগঞ্জ উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে উপজেলার লালপুর, লক্ষ্মীপুর ও কামিনীপুর এলাকায় এই অভিযান চালানো হয়।
অভিযানে বিচারিক দায়িত্ব পালন করেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিল্পী রাণী মোদক। এ সময় পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোহাইমিনুল হক প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন। অভিযানে সার্বিক নিরাপত্তা ও সহযোগিতা প্রদান করেন জামালগঞ্জ থানা পুলিশের একটি দল।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নির্দিষ্ট নিয়ম না মেনে স্টোন ক্রাশার মেশিন চালিয়ে আসছিল কতিপয় অসাধু ব্যবসায়ী, যার ফলে আশেপাশের এলাকায় মারাত্মক বায়ুদূষণ সৃষ্টি হচ্ছিল। বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০২২ লংঘনের দায়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০)—এর ১৫(২) ধারায় অভিযুক্ত চারটি স্টোন ক্রাশার প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
অভিযান শেষে পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোহাইমিনুল হক জানান, পরিবেশ সুরক্ষা ও জনস্বার্থে বায়ুদূষণকারী অবৈধ ও নিয়মবহির্ভূত প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ