ছাতকে পূর্ব শত্রুতার জেরে হত্যা, দুই ভাইয়ের যাবজ্জীবন
- আপলোড সময় : ৩০-০৯-২০২৬ ০৯:৫২:৪৫ পূর্বাহ্ন
- আপডেট সময় : ৩০-০৯-২০২৬ ০৯:৫২:৪৫ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
ছাতকে পূর্বশত্রুতার জেরে হামলা চালিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় দুই ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় এক নারী আসামিকে খালাস এবং বিচার চলাকালে মারা যাওয়া অপর এক আসামিকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
২৮ সেপ্টেম্বর (সোমবার) সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক শ্যাম কান্ত সিনহা এ রায় ঘোষণা করেন।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন ছাতক উপজেলার বিনন্দপুর গ্রামের জাহির আলী ওরফে জাহির উদ্দিনের ছেলে আক্তার হোসেন ও আকমল হোসেন ওরফে আকল। রায় ঘোষণার সময় তারা আদালতে উপস্থিত ছিলেন না। তারা পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানা ও গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন।
আদালতের রায়ে দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় আক্তার হোসেন ও আকমল হোসেন ওরফে আকলকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে তাদের আরও এক বছর করে সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। এছাড়া দণ্ডবিধির ৩২৪ ধারায় আক্তার হোসেনকে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। আদালত উল্লেখ করেন, পৃথক ধারায় দেওয়া দণ্ড একই সঙ্গে কার্যকর হবে।
মামলার ৩ নম্বর আসামি ছবুতেরা বেগমের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে দণ্ডবিধির ৩০২/৩৪ ধারার মামলা থেকে খালাস দেওয়া হয়েছে। অপর আসামি জাহির আলী ওরফে জাহির উদ্দিন বিচার চলাকালে মৃত্যুবরণ করায় তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।
মামলার এজাহার ও নথি সূত্রে জানা যায়, ২০০৮ সালের ১ মে বিকেল ৪টার দিকে ছাতক উপজেলার বিনন্দপুর গ্রামে পূর্বশত্রুতা ও বিরোধের জেরে হামলার ঘটনা ঘটে। এ সময় আসামিরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায় বলে এজাহারে অভিযোগ করা হয়। হামলায় একজন গুরুতর আহত হন এবং পরবর্তীতে তার মৃত্যু হয়।
এ ঘটনায় ২০০৮ সালের ২ মে ছাতক থানায় মামলা নম্বর-০৩ এবং জিআর মামলা নম্বর-২১/২০০৯ দায়ের করা হয়। পরে পুলিশ তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সাক্ষীদের সাক্ষ্য ও অন্যান্য উপস্থাপিত প্রমাণ পর্যালোচনা করে আদালত দুই আসামিকে দোষী সাব্যস্ত করেন।
প্রায় ১৮ বছর আগে দায়ের হওয়া এ হত্যা মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে মঙ্গলবার আদালতের রায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ড হলো।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ