মেয়ের বাড়ি থেকে মায়ের গলাকাটা মরদেহ উদ্ধার
- আপলোড সময় : ৩০-০৯-২০২৬ ১০:০০:৫১ পূর্বাহ্ন
- আপডেট সময় : ৩০-০৯-২০২৬ ১০:০০:৫১ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি গ্রামে মেয়ের বাড়ি থেকে মায়ের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) গভীর রাতে রক্তাক্ত অবস্থায় তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ওই নারীর মৃত্যু নিয়ে এলাকায় রহস্যের সৃষ্টি হয়েছে।
নিহত নারীর নাম মারজিয়া বেগম (৪৫)। তিনি জামালগঞ্জ উপজেলার মাহমদপুর গ্রামের বাসিন্দা। তার স্বামী আব্দুল খান সাহেব একজন আলেম বলে জানা গেছে।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, মারজিয়া বেগম বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি গ্রামে মেয়ের বাড়িতে বেড়াতে যান। তার মেয়ে সাদিয়া বেগম ওই গ্রামের সুলতান মিয়ার বাড়িতে বাসা ভাড়া নিয়ে বসবাস করেন। সোমবার গভীর রাতে গলাকাটা ও রক্তাক্ত অবস্থায় মারজিয়া বেগমকে তার মেয়ে ও মেয়ের স্বজনরা সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসেন। পরে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. শফিকুল ইসলাম বলেন, গভীর রাতে গলাকাটা অবস্থায় এক নারীকে স্বজনরা হাসপাতালে নিয়ে আসেন। পরীক্ষা করে তাকে মৃত পাওয়া যায়। পরে বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়।
হাসপাতালে লাশের সুরতহাল প্রস্তুতকারী সদর থানার এক উপপরিদর্শক জানান, হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি থানায় জানালে তিনি ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রস্তুত করেন। মারজিয়া বেগমের গলাকাটা লাশ দেখতে পান এবং পরে তা মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
এদিকে, মারজিয়া বেগমের মৃত্যুর বিষয়ে তাঁর স্বজনরা সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি। ফলে মেয়ের বাড়িতে বেড়াতে যাওয়া ওই নারীর কীভাবে গলাকাটা অবস্থায় মৃত্যু হলো, তা নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমদ উল্লাহ বলেন, ঘটনার খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ