৯ মাসে ৯৩১ কোটি টাকার মাদক-চোরাচালান জব্দ
- আপলোড সময় : ০১-১০-২০২৬ ০৮:৩২:৪১ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০১-১০-২০২৬ ০৮:৩২:৪১ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
সীমান্তে মাদক, অস্ত্র, বিস্ফোরক ও চোরাচালানবিরোধী অভিযানে গত নয় মাসে সরাইল রিজিয়নের ১৩টি ব্যাটালিয়ন ৯৩১ কোটি ২৭ লাখ ২২ হাজার ৫৯২ টাকা মূল্যের বিভিন্ন চোরাচালানী ও অবৈধ পণ্য জব্দ করেছে। এ সময় বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা, বিদেশি মদ, ফেনসিডিল ও ইস্কাফ সিরাপসহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করা হয়। বুধবার (৩০ সেপ্টেম্বর) সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) আয়োজিত মিডিয়া ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।
বিজিবি জানায়, সরাইল রিজিয়নের দায়িত্বপূর্ণ প্রায় ১ হাজার ২০৪ কিলোমিটার সীমান্তে সিলেট, কুমিল্লা, ময়মনসিংহ ও শ্রীমঙ্গল এই চার সেক্টরের অধীনে ১৩টি ব্যাটালিয়নের ২১১টি বিওপি সার্বক্ষণিক নজরদারি ও টহল কার্যক্রম পরিচালনা করছে। চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত অভিযানে ৩ লাখ ১২ হাজার ৯১০টি ইয়াবা, ১৩ হাজার ৮০৮ কেজি গাঁজা, ৬২ হাজার ৬৭৬ বোতল বিদেশি মদ ও বিয়ার এবং ১৫ হাজার ৫৮১ বোতল ফেনসিডিল ও ইস্কাফ সিরাপ জব্দ করা হয়েছে। এছাড়া ৩ লাখ ৭৩ হাজার ৫৭১টি বিভিন্ন ধরনের যৌন উত্তেজক ট্যাবলেট ও ১৬৯ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। অস্ত্র ও বিস্ফোরকের বিরুদ্ধেও অভিযান চালিয়েছে বিজিবি। এ সময় ১১টি পিস্তল ও ৯টি ম্যাগাজিন, সাতটি এয়ারগান, পাঁচটি পাইপগান, ৬২ রাউন্ড কার্তুজ, ১৯ কেজি উচ্চ বিস্ফোরক, ১১৭টি ডেটোনেটর এবং ৩০ মিটার ডেটোনেটর তার উদ্ধার করা হয়।
এসব ঘটনায় ৩০৫ জনকে আটক করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানায় বিজিবি।
এদিকে, ময়মনসিংহ ও সিলেট সেক্টরের বিভিন্ন সীমান্ত এলাকায় প্রাকৃতিক স¤পদ রক্ষায়ও অভিযান চালানো হয়েছে। অবৈধভাবে পাথর ও বালু উত্তোলন প্রতিরোধে পরিচালিত এসব অভিযানে ১৫ হাজার ৯০০ ঘনফুট পাথর ও ৭ হাজার ৩০০ ঘনফুট বালু জব্দ করা হয়েছে।
সীমান্ত নিরাপত্তার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর কথাও জানানো হয় ব্রিফিংয়ে। বন্যাকবলিত এলাকায় খাদ্য, চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহের পাশাপাশি আধুনিক প্রযুক্তি ব্যবহার করে দুর্গম এলাকায় জরুরি ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। সীমান্ত এলাকার তরুণ ও স্থানীয় জনগোষ্ঠীকে আত্মনির্ভরশীল করে তুলতে সিলেট সেক্টরের উদ্যোগে বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ দেওয়ার কথাও জানানো হয়। এসব কার্যক্রমের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ তৈরির পাশাপাশি চোরাচালানের বিরুদ্ধে সীমান্তবাসীর সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রেস ব্রিফিংয়ে সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান প্রতিরোধ, অস্ত্র ও বিস্ফোরক পাচার রোধ, প্রাকৃতিক স¤পদ সংরক্ষণ এবং সীমান্তবর্তী মানুষের কল্যাণে বিজিবির কার্যক্রম অব্যাহত থাকবে। নিরাপদ সীমান্তই নিরাপদ দেশের ভিত্তি। সীমান্তবাসীর আস্থাকে সঙ্গে নিয়ে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ