অয়নৃত্যের ৩ দিনব্যাপী কথক নৃত্য কর্মশালা সম্পন্ন
- আপলোড সময় : ০৪-১০-২০২৬ ০৬:৩০:১৮ অপরাহ্ন
- আপডেট সময় : ০৪-১০-২০২৬ ০৬:৩০:১৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জের সাংস্কৃতিক সংগঠন অয়নৃত্যের আয়োজনে ৩ দিনব্যাপী কথক নৃত্য কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের অন্যতম ধারা কথকের তাল, লয়, মুদ্রা ও অভিব্যক্তির সঙ্গে প্রশিক্ষণার্থীদের পরিচিত করাতে এ কর্মশালার আয়োজন করা হয়।
শনিবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমির হাসনরাজা মিলনায়তনে কর্মশালার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন ভারতীয় নৃত্য প্রশিক্ষক শ্রী গুরু রাহুল দেব।
অয়নৃত্যের প্রতিষ্ঠাতা সৌরব অধিকারী অয়নের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন দৈনিক সুনামগঞ্জের ডাকের সম্পাদক ও প্রকাশক এবং পৌর কলেজের সাবেক অধ্যক্ষ শেরগুল আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী, সাংবাদিক বোরহান উদ্দিন, পল্লব ভট্টাচার্য, হীরেন্দ্র ভূষণ তালুকদার মঞ্জু, সমীর কান্তি দে ও অজয় কৃষ্ণ পাল।
বক্তারা বলেন, কথক নৃত্য শুধু শারীরিক পরিবেশনা নয়; এর মধ্যে গল্প বলা, ছন্দ, তাল, লয় ও অভিব্যক্তির সমন্বয়ে ফুটে ওঠে নান্দনিকতার অনন্য প্রকাশ। এ ধরনের কর্মশালার মাধ্যমে প্রশিক্ষণার্থীরা শাস্ত্রীয় নৃত্যের কৌশল শেখার পাশাপাশি ভারতীয় উপমহাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কেও জানার সুযোগ পান। তারা বলেন, নতুন প্রজন্মকে সাংস্কৃতিক চর্চায় সম্পৃক্ত করতে নিয়মিত প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন গুরুত্বপূর্ণ। নৃত্যচর্চা তরুণদের সৃজনশীলতা, আত্মবিশ্বাস ও শৃঙ্খলাবোধ বিকাশেও ভূমিকা রাখে।
অনুষ্ঠানের শেষে ৩ দিনব্যাপী কর্মশালায় অংশ নেওয়া ৪০ জন প্রশিক্ষণার্থীর হাতে সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ