১৪ ঘণ্টা রুমে আটকা ৫ ছাত্রী, দরজা ভেঙে উদ্ধার
- আপলোড সময় : ০৪-১০-২০২৬ ০৬:৩০:৪৮ অপরাহ্ন
- আপডেট সময় : ০৪-১০-২০২৬ ০৬:৩০:৪৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ শহরের বনানীপাড়া আবাসিক এলাকার একটি ভবনের কক্ষে ১৪ ঘণ্টা আটকে থাকার পর পাঁচ ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস। শনিবার (৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে তিনতলা ভবনের তৃতীয় তলার একটি কক্ষের দরজা ভেঙে তাদের উদ্ধার করা হয়। অচল হয়ে পড়া স্টিলের দরজার তালার কারণে তারা কক্ষ থেকে বের হতে পারছিলেন না।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শুক্রবার (২ অক্টোবর) রাতে কক্ষের স্টিলের দরজার তালা অকেজো হয়ে গেলে পাঁচ ছাত্রী ভেতরে আটকা পড়েন। নিজেদের চেষ্টায় বারবার দরজা খোলার চেষ্টা করেও ব্যর্থ হন তারা। এভাবে রাত থেকে শনিবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত প্রায় ১৪ ঘণ্টা কক্ষের ভেতরে আটকে থাকতে হয় তাদের।
পরে জরুরি খবর পেয়ে সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখের উপস্থিতিতে ফায়ার সার্ভিসের সদস্যরা দরজা ভেঙে পাঁচ ছাত্রীকে উদ্ধার করেন। উদ্ধার হওয়া ছাত্রীরা সবাই সুস্থ রয়েছেন।
সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের ওয়ারহাউস পরিদর্শক সুবল চন্দ্র দেবনাথ জানান, বনানীপাড়া আবাসিক এলাকার একটি ভবনের তৃতীয় তলার কক্ষে পাঁচ ছাত্রী আটকা পড়েছেন - এমন খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে যান। পরে সদর থানার ওসির উপস্থিতিতে কক্ষের দরজা ভেঙে তাদের উদ্ধার করা হয়।
সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি রতন শেখ বলেন, কক্ষের ভেতরে পাঁচ ছাত্রী আটকা পড়ার খবর পেয়ে তাদের উদ্ধারে ফায়ার সার্ভিসের সদস্যরা অভিযান চালান। পরে দরজা ভেঙে তাদের উদ্ধার করা হয়। তিনি বলেন, রাতে বিষয়টি পুলিশ বা ফায়ার সার্ভিসকে জানানো হলে আরও আগেই তাদের উদ্ধার করা সম্ভব হতো।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ