স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ সদর উপজেলার হাসাউড়া গ্রামে আনারস চাষ সম্প্রসারণ ও আনারসকে জিআই পণ্য হিসেবে অন্তর্ভুক্ত করার বিষয়ে কৃষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টায় সদর উপজেলা পরিষদ হলরুমে সদর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান। এতে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন। সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আদিত্য পাল ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ ওমর ফারুক। স্বাগত বক্তব্য দেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহাদৎ হোসেন। এছাড়াও সভায় বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক আকরাম উদ্দিন, জাহাঙ্গীর আলম, আমিনুল হক, কর্ণ বাবু দাস, সাবেক ইউপি সদস্য ও কৃষক আরব আলী, আব্দুর রহমান, কৃষক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, নারী উদ্যোক্তা তৃষ্ণা আক্তার রুশনা এবং উদ্যোক্তা মোহাম্মদ সামছুজ্জামান। সভা শুরুর আগে উপস্থিত কৃষকদের প্রশিক্ষণ দেন সদর উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম। মতবিনিময় সভায় কৃষকরা বলেন, আনারসের বাগানে পানির সংকট রয়েছে। এ সংকট নিরসন করা গেলে আনারসের আকার ও উৎপাদন বাড়ানো সম্ভব হবে। একই সঙ্গে ফল ও মাটির ক্ষতি হতে পারে, এমন সার বা উপকরণের বিকল্প ব্যবহারের বিষয়েও কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান তারা। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান বলেন, হাসাউড়ায় আনারস চাষ সম্প্রসারণে প্রকল্প গ্রহণের উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে চাষিদের প্রণোদনা দেওয়ার ব্যবস্থা করা হবে। তিনি বলেন, হাসাউড়ায় আনারসের বাগান সম্প্রসারণ করা গেলে এলাকার আরও বেশি মানুষের কর্মসংস্থান ও জীবিকার সুযোগ সৃষ্টি হবে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
হাসাউড়ার আনারস চাষ সম্প্রসারণ ও জিআই স্বীকৃতি নিয়ে মতবিনিময়
- আপলোড সময় : ০৬-১০-২০২৬ ১২:৪৯:৪২ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৬-১০-২০২৬ ০১:১৯:৪৭ পূর্বাহ্ন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ