স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের জন্য প্রায় ৩৩ কোটি ৪৮ লাখ টাকা ব্যয়ে বিভিন্ন ধরনের মেডিকেল যন্ত্রপাতি কেনার দুটি প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এর মধ্যে স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা, জরুরি বিভাগ, সার্জারি, ক্যানসার চিকিৎসাসহ বিভিন্ন বিভাগের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম কেনা হবে। বুধবার (৭ অক্টোবর) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে প্রস্তাব দুটি অনুমোদন দেওয়া হয়। ক্রয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, ‘সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপন’ প্রকল্পের প্রথম সংশোধিত মেয়াদের আওতায় এসব যন্ত্রপাতি কেনা হবে। দুটি প্রস্তাবে মোট ব্যয় হবে ৩৩ কোটি ৪৭ লাখ ৮৭ হাজার ৬৭৮ টাকা। এর মধ্যে প্যাকেজ জিডি-১০-এর লট-৫-এর আওতায় বিভিন্ন মেডিকেল যন্ত্রপাতি কিনতে ব্যয় হবে ১৭ কোটি ৪৯ লাখ ৫৩ হাজার ৫১১ টাকা। সরকারি উন্নয়ন বাজেট থেকে এ অর্থের সংস্থান করা হবে। প্রস্তাবক স্বাস্থ্য সেবা বিভাগ এবং বাস্তবায়নকারী সংস্থা স্বাস্থ্য অধিদপ্তর। এই অর্থে সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা, চর্মরোগ, রক্ত পরিসঞ্চালন চিকিৎসা, শ্বাসতন্ত্রের চিকিৎসা, মনোরোগ, দগ্ধ ও প্লাস্টিক সার্জারি এবং দুর্ঘটনা ও জরুরি বিভাগের জন্য বিভিন্ন হাসপাতাল সরঞ্জাম কেনা হবে। এ কাজের জন্য উন্মুক্ত দরপত্রে দুটি দরপ্রস্তাব জমা পড়ে। এর মধ্যে একটি কারিগরিভাবে গ্রহণযোগ্য হয়। পরে কারিগরি মূল্যায়ন কমিটির সুপারিশের ভিত্তিতে একমাত্র গ্রহণযোগ্য দরদাতা প্রতিষ্ঠান মেসার্স রাজু এন্টারপ্রাইজের কাছ থেকে এসব যন্ত্রপাতি কেনার সিদ্ধান্ত হয়। অন্যদিকে, একই প্রকল্পের প্যাকেজ জিডি-১০-এর লট-৩-এর আওতায় ১৫ কোটি ৯৮ লাখ ৩৪ হাজার ১৬৭ টাকা ব্যয়ে আরও বিভিন্ন মেডিকেল যন্ত্রপাতি কেনা হবে। এই লটে সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি, অস্ত্রোপচার কক্ষ ও ক্যানসার চিকিৎসা বিভাগের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম কেনা হবে। এ কাজের জন্য উন্মুক্ত দরপত্রে ছয়টি দরপ্রস্তাব জমা পড়ে। এর মধ্যে চারটি কারিগরিভাবে গ্রহণযোগ্য হয়। পরে দরপত্রের প্রক্রিয়া শেষে কারিগরি মূল্যায়ন কমিটির সুপারিশ অনুযায়ী ই-ক্রয় ব্যবস্থায় নির্বাচিত গ্রহণযোগ্য দরদাতা প্রতিষ্ঠান মেসার্স রাজু এন্টারপ্রাইজ, ঢাকার কাছ থেকে ১৫ কোটি ৯৮ লাখ ৩৪ হাজার ১৬৭ টাকায় এসব যন্ত্রপাতি কেনার সিদ্ধান্ত নেওয়া হয়। সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপন প্রকল্পের প্রথম সংশোধিত মেয়াদ ২০১৮ সালের ১ নভেম্বর থেকে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে আসছে ৩৩ কোটি টাকার যন্ত্রপাতি
- আপলোড সময় : ০৮-১০-২০২৬ ১১:৪৯:৫০ অপরাহ্ন
- আপডেট সময় : ০৮-১০-২০২৬ ১১:৫০:০৯ অপরাহ্ন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ