পূজার ছুটিতে পর্যটকদের অপেক্ষায় টাঙ্গুয়ার হাওর
- আপলোড সময় : ১৫-১০-২০২৬ ০৯:২২:৪২ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৫-১০-২০২৬ ০৯:২২:৪২ পূর্বাহ্ন
বিশেষ প্রতিনিধি ::
প্রকৃতির অপরূপ সৌন্দর্য, স্বচ্ছ জলরাশি, সবুজ পাহাড় আর মেঘের মিতালিতে পর্যটকদের হাতছানি দিয়ে ডাকছে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর। বিস্তীর্ণ জলরাশি, হাউসবোটে ভ্রমণ, রাতের জোছনা আর পাহাড়ঘেরা নৈসর্গিক পরিবেশ সব মিলিয়ে পর্যটকদের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে হাওরাঞ্চল। দুর্গাপূজার ছুটিকে সামনে রেখে জেলার বিভিন্ন দর্শনীয় স্থানে ভ্রমণের প্রস্তুতি নিচ্ছেন পর্যটকেরা। ইতিমধ্যে পর্যটকদের আগ্রহে হাউসবোটগুলোর বুকিংও শুরু হয়েছে।
প্রতিবছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো পর্যটক টাঙ্গুয়ার হাওরের সৌন্দর্য উপভোগ করতে ছুটে আসেন। কেউ হাউসবোটে, কেউ ছোট নৌকায় ঘুরে বেড়ান বিস্তীর্ণ জলরাশির বুকে। দিনের বেলা নীল আকাশের প্রতিচ্ছবি, চারপাশের সবুজ আর পাখির কলতানি মুগ্ধ করে ভ্রমণপিপাসুদের। সন্ধ্যার পর হাউসবোটে রাত কাটানো কিংবা জোছনার আলোয় হাওরের সৌন্দর্য উপভোগ পর্যটকদের কাছে বাড়তি আকর্ষণ।
শুধু টাঙ্গুয়ার হাওর নয়, সুনামগঞ্জের পর্যটন আকর্ষণের তালিকায় রয়েছে নীলাদ্রি লেক, শিমুলবাগান, যাদুকাটা নদী, টেকেরঘাট ও লাকমাছড়া। নীলাদ্রি লেকের নীল জল আর পাহাড়ের সারি, শিমুলবাগানের সবুজ-শ্যামল পরিবেশ, যাদুকাটা নদীর স্বচ্ছ জলধারা, টেকেরঘাটের পাহাড়ঘেরা প্রকৃতি এবং লাকমাছড়ার মনোমুগ্ধকর দৃশ্য পর্যটকদের আকৃষ্ট করে। অল্প দূরত্বের মধ্যে বৈচিত্র্যময় এসব দর্শনীয় স্থান ঘুরে দেখার সুযোগ থাকায় ভ্রমণপিপাসুদের কাছে সুনামগঞ্জ হয়ে উঠেছে আকর্ষণীয় গন্তব্য।
আধুনিক সুযোগ-সুবিধাস¤পন্ন হাউসবোটে ভ্রমণ ও রাত কাটানোর অভিজ্ঞতা উপভোগ করতে পর্যটকদের আগ্রহ বাড়ছে। বিশেষ করে দুর্গাপূজার ছুটিকে কেন্দ্র করে ভ্রমণ পরিকল্পনা করছেন অনেকে। ইতিমধ্যে বিভিন্ন হাউসবোটে পর্যটকদের বুকিং হয়েছে। ছুটির সময়ে হাওর ও আশপাশের দর্শনীয় স্থানগুলোতে পর্যটকদের উপস্থিতি বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
পর্যটন খাতের প্রসার স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক ভূমিকা রাখছে। হাউসবোট পরিচালনা, নৌযান, খাবার ও অন্যান্য পর্যটনসেবার সঙ্গে যুক্ত মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে। তবে পর্যটনের সম্ভাবনা কাজে লাগানোর পাশাপাশি হাওরের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করাও জরুরি।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

বিশেষ প্রতিনিধি