নিজস্ব প্রতিবেদক::
আসন্ন শারদীয় দুর্গাপূজা ঘিরে সুনামগঞ্জের জামালগঞ্জে পূজামণ্ডপগুলোর নিরাপত্তা ও সার্বিক প্রস্তুতি জোরদার করা হচ্ছে।
উপজেলার ৫৫টি পূজামণ্ডপের প্রতিটিতে ১০ হাজার টাকা করে মোট পাঁচ লাখ ৫০ হাজার টাকা ব্যক্তিগত অনুদান দিয়েছেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। পাশাপাশি সিসি ক্যামেরা স্থাপন ও মেরামত, সড়ক সংস্কার এবং ফেস্টুন সরবরাহের উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন।
শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর ২টায় জামালগঞ্জ উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে দুর্গাপূজা উদ্যাপন উপলক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় এসব তথ্য জানানো হয়। সভায় পূজার সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা এবং সংশ্লিষ্টদের দায়িত্ব ও সমন্বয়ের বিষয় নিয়ে আলোচনা হয়।
সভায় জানানো হয়, উপজেলার ১১টি পূজামণ্ডপে নতুন সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া পাঁচটি মণ্ডপের সিসি ক্যামেরা মেরামতে প্রতিটিকে তিন হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা এবং তিনটি পূজামণ্ডপের রাস্তা মেরামতে প্রতিটিকে ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। উপজেলার সব ৫৫টি পূজামণ্ডপে ফেস্টুনও সরবরাহ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রাণী মোদকের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন জামালগঞ্জ পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক অজিত কুমার রায়।
সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুর রহমান শান্ত, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. আনোয়ারুল ইসলাম, উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা শিবেন্দ্র চন্দ্র পাল, উপজেলা বিএনপির দ্বিতীয় যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান, যুগ্ম আহ্বায়ক মাসুম মাহমুদ তালুকদার ও সমাজকর্মী আব্দুর রব উপস্থিত ছিলেন।
এ ছাড়া জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুর রহমান, আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তৌফিকুল ইসলাম তালুকদার, জামালগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাজ্জাদ মাহমুদ সাজিব, পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সমরেন্দ্র আচার্য শম্ভু, পূজা উদ্যাপন ফ্রন্টের আহ্বায়ক নিরাঞ্জন দেবনাথ ও সদস্যসচিব পীযূষ কান্তি তালুকদার সভায় অংশ নেন। সভায় আরও উপস্থিত ছিলেন জামালগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার শ্রীকান্ত তালুকদারসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, পূজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দ ও স্থানীয় সুধীজন।
সভায় দুর্গাপূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সংশ্লিষ্ট দপ্তর ও আয়োজকদের মধ্যে কার্যকর সমন্বয় বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়। শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে পূজা উদ্যাপনে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের বিষয়েও আলোচনা হয়।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
জামালগঞ্জে ৫৫ পূজামণ্ডপে এমপির অনুদান, সিসি ক্যামেরা ও সড়ক সংস্কারে সহায়তা প্রশাসনের
- আপলোড সময় : ১৬-১০-২০২৬ ০৯:০৫:৪৭ অপরাহ্ন
- আপডেট সময় : ১৬-১০-২০২৬ ০৯:০৮:১৭ অপরাহ্ন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ