প্রীতম দাস::
যুবসমাজকে স্বাবলম্বী করা এবং আয়বর্ধক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে সুনামগঞ্জের দুটি যুব সংগঠনকে মোট ১ লাখ ৭৫ হাজার টাকার অনুদান দেওয়া হয়েছে। ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২৬ ও অনুদান প্রদান কর্মসূচির আওতায় সংগঠন দুটিকে মৎস্য চাষ এবং পোশাক তৈরি ও নকশিকাঁথা সেলাই প্রকল্প বাস্তবায়নের জন্য এ অর্থ দেওয়া হয়।
শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের বিভিন্ন জেলার সঙ্গে যুক্ত হয়ে কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর ধারাবাহিকতায় সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান।
অনুদানপ্রাপ্ত সংগঠনগুলোর মধ্যে সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের কান্দাপাড়া, গুচ্ছগ্রাম ও উত্তর ফেনিবিল সমাজকল্যাণ যুবসংঘকে মৎস্য চাষ প্রকল্প বাস্তবায়নের জন্য ১ লাখ টাকার চেক দেওয়া হয়। অন্যদিকে, তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের বন্ধু সমাজকল্যাণ যুব সংগঠনকে পোশাক তৈরি ও নকশিকাঁথা সেলাই প্রকল্পের জন্য ৭৫ হাজার টাকার চেক প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মতিউর রহমান খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুনজিত কুমার চন্দ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাকিলা রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) রাকিবুল হাসান রাসেল, যুব উন্নয়ন অধিদপ্তর সুনামগঞ্জের সহকারী পরিচালক জাফর ইকবাল চৌধুরী, প্রশিক্ষক (কম্পিউটার) মো. আলমগীর কবির, তাহিরপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হুমায়ুন কবির ও সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল ওয়াদুদ খান। এ ছাড়া বিভিন্ন যুব সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
যুব সংগঠনগুলোর হাতে প্রকল্পভিত্তিক অনুদান তুলে দেওয়ার মাধ্যমে স্থানীয় পর্যায়ে উৎপাদনমুখী উদ্যোগ ও স্বাবলম্বী হওয়ার সুযোগ সৃষ্টির ওপর গুরুত্ব দেওয়া হয়। মৎস্য চাষ, পোশাক তৈরি ও নকশিকাঁথা সেলাইয়ের মতো কর্মকাণ্ডের মাধ্যমে সংগঠনগুলো আয়বর্ধক প্রকল্প পরিচালনা করতে পারবে বলে আশা করা হচ্ছে।
ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২৬ ও অনুদান কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জের দুটি সংগঠনকে দেওয়া এ সহায়তা স্থানীয় পর্যায়ে যুব সংগঠনগুলোর উদ্যোগ বাস্তবায়নে ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
সুনামগঞ্জে দুই যুব সংগঠন পেল ১ লাখ ৭৫ হাজার টাকা অনুদান
- আপলোড সময় : ১৭-১০-২০২৬ ০৮:৫২:১১ অপরাহ্ন
- আপডেট সময় : ১৭-১০-২০২৬ ০৮:৫৩:০৫ অপরাহ্ন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ