স্টাফ রিপোর্টার::
নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার প্রতিবাদ এবং সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমএ মোত্তালিব ভূঁইয়ার ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) বেলা ১১টায় পৌর শহরের ট্রাফিক পয়েন্টে জাতীয় সাংবাদিক সংস্থা সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এতে সাংবাদিকদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, মানবাধিকারকর্মী, কবি, সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অংশ নেন। জাতীয় সাংবাদিক সংস্থা সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি, দৈনিক খবরপত্রের জেলা প্রতিনিধি আল হেলালের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তারা সাংবাদিক হত্যা ও হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। তাঁরা এসব ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার এবং আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। বক্তারা বলেন, সাংবাদিকেরা সমাজের অনিয়ম, দুর্নীতি, অপরাধ ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরতে কাজ করেন। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে কোনো সাংবাদিককে হত্যা, হামলা কিংবা ভয়ভীতির শিকার হতে হলে তা স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের নিরাপত্তার জন্য গুরুতর উদ্বেগের বিষয়। এ ধরনের অপরাধের ক্ষেত্রে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দায়ীদের বিচারের আওতায় আনা জরুরি। তাঁরা আরও বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব। সাংবাদিকদের ওপর হামলা ও হত্যার ঘটনায় কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে অপরাধীরা উৎসাহিত হতে পারে। তাই কোনো ধরনের প্রভাব বা পক্ষপাত ছাড়াই এসব ঘটনার তদন্ত এবং আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে। প্রতিবাদ সভায় বক্তব্য দেন জাতীয় সাংবাদিক সংস্থার সিনিয়র সহসভাপতি ও মোহনা টিভির জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাস, সহ সভাপতি ও ইউএনবি প্রতিনিধি অরুণ চক্রবর্তী, সাধারণ সম্পাদক ও দৈনিক ইনকিলাবের প্রতিনিধি মো. হাসান চৌধুরী, জেলা এলডিপির সাধারণ সম্পাদক শেখ এমদাদুল হক, বিএনপি নেতা আব্দুল করিম পাঠান, জেলা জাতীয় পার্টির যুগ্ম সম্পাদক গোলাম হোসেন অভি, সংগঠনের কার্যনির্বাহী সদস্য ও জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি জহিরুল ইসলাম লাল মিয়া, জুলাইযোদ্ধা মো. জহুর আলী, হাওর বাঁচাও আন্দোলনের তাহিরপুর উপজেলা কমিটির সভাপতি ও গীতিকার মোছায়েল আহমদ, বিএনপি নেতা হেলাল আহমদ জুয়েল, সংগঠনের সহদপ্তর সম্পাদক ও দৈনিক সকালের সময়ের জেলা প্রতিনিধি কেএম শহিদুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য ও দৈনিক ভোরের ডাকের তাহিরপুর উপজেলা প্রতিনিধি শামছুল আলম আখঞ্জি টিটু। এ সময় উপস্থিত ছিলেন গীতিকার আব্দুল হান্নান, জাতীয় সাংবাদিক সংস্থার সাংগঠনিক সম্পাদক ও দৈনিক সংবাদ প্রতিদিনের জেলা প্রতিনিধি রাজু আহমেদ রমজান, মানবাধিকারবিষয়ক সম্পাদক ও দৈনিক প্রভাতের প্রতিনিধি আনোয়ারুল হক, সহমহিলা বিষয়ক সম্পাদক তাহমিদা আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক ও দৈনিক জনতার জেলা প্রতিনিধি আফতাব উদ্দিন, কার্যনির্বাহী সদস্য ও দৈনিক খবরপত্রের জেলা প্রতিনিধি হোসাইন মাহমুদ শাহীন, দৈনিক শুভ প্রতিদিনের জেলা প্রতিনিধি প্রীতম দাস, দৈনিক আমার কাগজের জেলা প্রতিনিধি মো. তৈয়বুর রহমান, দৈনিক নববাণীর জেলা প্রতিনিধি অমিত তালুকদার, দৈনিক তৃতীয় মাত্রার জেলা প্রতিনিধি এরশাদুল হক, দৈনিক গণকণ্ঠের জেলা প্রতিনিধি সালমান ফারসী, দৈনিক শেষ সংবাদের জেলা প্রতিনিধি মো. কামাল পাশা, প্রাইম টেলিভিশনের জেলা প্রতিনিধি মো. শরিফ উদ্দিন, দৈনিক সুনামগঞ্জ প্রতিদিনের স্টাফ রিপোর্টার আতাউর রহমান, জুলাইযোদ্ধা রহমত আলী, কবি আপন আনোয়ার ও ক্যামেরাপারসন শরীফ আহমেদ আকাশসহ স্থানীয় সাংবাদিকেরা। মানববন্ধন ও প্রতিবাদ সভা থেকে বক্তারা সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যাকাণ্ড এবং এমএ মোত্তালিব ভূঁইয়ার ওপর হামলার ঘটনা গুরুত্বের সঙ্গে তদন্ত করে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা এবং স্বাধীনভাবে সংবাদ সংগ্রহ ও প্রকাশের পরিবেশ বজায় রাখতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তাঁরা।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
সাংবাদিক আলিফ হত্যা ও মোত্তালিব ভূঁইয়ার ওপর হামলার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন
- আপলোড সময় : ২০-১০-২০২৬ ০৩:১৫:৩৩ অপরাহ্ন
- আপডেট সময় : ২০-১০-২০২৬ ০৩:১৬:২৪ অপরাহ্ন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ