প্রীতম দাস::
সুনামগঞ্জে শারদীয় দুর্গাপূজার সার্বিক পরিবেশ ও নিরাপত্তাব্যবস্থা সন্তোষজনক বলে জানিয়েছেন সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। তিনি বলেছেন, সনাতন ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে ও স্বতঃস্ফূর্তভাবে পূজামণ্ডপে এসে উৎসব উদযাপন করছেন। পূজামণ্ডপগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি আয়োজক কমিটির স্বেচ্ছাসেবকেরাও দায়িত্ব পালন করছেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় সুনামগঞ্জ পৌর শহরের নতুনপাড়া, কালীবাড়ি ও ষোলঘর এলাকার রামকৃষ্ণ পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, গত দুই দিন তিনি সিলেট ও মৌলভীবাজার জেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন। মঙ্গলবার সুনামগঞ্জের কয়েকটি পূজামণ্ডপ ঘুরে দেখেছেন। এসব স্থানে পূজা উদযাপন কমিটির নিজস্ব স্বেচ্ছাসেবকেরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছেন।
তিনি আরও বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। পুলিশ, স্বেচ্ছাসেবক ও রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে সমন্বয় রয়েছে। পূজামণ্ডপগুলোতে সিসি ক্যামেরাসহ বিভিন্ন নিরাপত্তাব্যবস্থা রাখা হয়েছে। সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তাব্যবস্থা তাঁর কাছে সন্তোষজনক মনে হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের আশ্বস্ত করে ডিআইজি বলেন, তাঁরা যেন নির্ভয়ে ও স্বতঃস্ফূর্তভাবে শারদীয় দুর্গোৎসব উদযাপন করেন। পাশাপাশি যেসব পূজামণ্ডপ তিনি পরিদর্শন করতে পারেননি, সেসব মণ্ডপের আয়োজক কমিটির নেতাদেরও পুলিশের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
এদিকে, পূজামণ্ডপ পরিদর্শনকালে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন সুনামগঞ্জের পুলিশ সুপার এবিএম জাকির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) রাকিবুল হাসান রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) চাতক চাকমা এবং সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ। এ সময় জেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
পূজামণ্ডপ পরিদর্শন করে নির্বিঘ্নে উৎসব উদযাপনের আহ্বান
সুনামগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তাব্যবস্থা সন্তোষজনক: সিলেট রেঞ্জের ডিআইজি
- আপলোড সময় : ২০-১০-২০২৬ ০৪:১৪:২৭ অপরাহ্ন
- আপডেট সময় : ২০-১০-২০২৬ ০৪:১৪:৫৯ অপরাহ্ন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ