সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ , ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সেতু নির্মাণে নিম্নমানের সামগ্রী দেখে কাজ বন্ধ রাখার নির্দেশ দিলেন এমপি কামরুল শারদীয় দুর্গোৎসব সম্পন্ন: নৌকায় কৈলাস ফিরলেন দেবী দুর্গা সম্প্রীতির বন্ধন সুদৃঢ়, এ ধারা অব্যাহত রাখতে হবে : এমপি নূরুল ইসলাম সাফেলা বড় বিল ও কুড়ি বিলে দখল বুঝিয়ে দিতে বাধা শুভ বিজয়া : অশুভের বিনাশ, সম্প্রীতি ও গণতন্ত্রের জয় হোক বিসর্জনের মধ্য দিয়ে শেষ হল শারদীয় দুর্গোৎসব ৩০ অক্টোবর শুরু হচ্ছে হাজীপাড়া ফুটবল প্রিমিয়ার লিগের দ্বিতীয় আসর, ২৩ অক্টোবর প্লেয়ার নিলাম সনাতন ধর্মাবলম্বীরা পূজা করবে আর আনন্দটা সবার, বিভাগীয় কমিশনার মোহাম্মদ মসিউর রহমান সাংবাদিক আলিফ হত্যাকারীদে শাস্তির দাবি তাহিরপুরে মানববন্ধন মধ্যনগরে পূজামণ্ডপ পরিদর্শনে ইনামুল গণি তালুকদার রুবেল সুনামগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তাব্যবস্থা সন্তোষজনক: সিলেট রেঞ্জের ডিআইজি সাংবাদিক আলিফ হত্যা ও মোত্তালিব ভূঁইয়ার ওপর হামলার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন দিরাইয়ে মাদকবিরোধী সভার পর প্রবাসী লিমনের ওপর হামলার অভিযোগ ‎সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ি : প্রধানমন্ত্রী ‎সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে আমাদের কোনো দ্বিধা নেই : আইনমন্ত্রী শান্তিগঞ্জে ১৬২ কেজি মাছের পোনা অবমুক্ত ‎মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক দুর্গাপূজা উপলক্ষে পশ্চিম নতুনপাড়ায় ৮৮ প্রবীণকে সম্মাননা দিরাইয়ে মোটরবাইক দুর্ঘটনায় আহত ২ সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন, খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

শুভ বিজয়া : অশুভের বিনাশ, সম্প্রীতি ও গণতন্ত্রের জয় হোক

  • আপলোড সময় : ২২-১০-২০২৬ ১২:২৭:৪৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-১০-২০২৬ ১২:২৭:৪৪ পূর্বাহ্ন
শুভ বিজয়া : অশুভের বিনাশ, সম্প্রীতি ও গণতন্ত্রের জয় হোক
বিজয়া দশমীর মধ্য দিয়ে গতকাল বুধবার শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি ঘটেছে। বিদায়বেলায় দেবী দুর্গার কাছে ভক্তদের প্রার্থনা- অশুভ শক্তির বিনাশ হোক, শুভ শক্তির জয় হোক, পৃথিবী ভরে উঠুক শান্তি, সাম্য ও কল্যাণে। শুভ বিজয়ার এই চিরন্তন বার্তা শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, বরং জাতি-ধর্ম-বর্ণনির্বিশেষে সব মানুষের জন্যই তাৎপর্যপূর্ণ। দৈনিক সুনামকণ্ঠের পক্ষ থেকে সবাইকে জানাই শুভ বিজয়ার আন্তরিক শুভেচ্ছা। দুর্গাপূজা শক্তির আরাধনা, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের সংগ্রাম এবং অশুভের বিরুদ্ধে শুভ শক্তির বিজয়ের প্রতীক। মহিষাসুরমর্দিনী দুর্গার পৌরাণিক কাহিনি আমাদের স্মরণ করিয়ে দেয়, অন্যায়, অত্যাচার ও অমানবিকতার শক্তি যত প্রবলই হোক, সম্মিলিত শুভবোধের কাছে তার পরাজয় অনিবার্য। এই শিক্ষা আজকের সমাজেও সমান প্রাসঙ্গিক। ধর্মের নামে বিদ্বেষ, সাম্প্রদায়িক বিভাজন, দুর্নীতি, বৈষম্য ও সহিংসতার বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। বাংলাদেশের হাজার বছরের ঐতিহ্য সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সহাবস্থানের। এ দেশের মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ বিভিন্ন ধর্মের মানুষ যুগ যুগ ধরে পাশাপাশি বসবাস করে আসছেন। একে অপরের সুখ-দুঃখ ভাগ করে নিয়েছেন, উৎসবের আনন্দে শামিল হয়েছেন। দুর্গাপূজা তাই কেবল সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় আয়োজন নয়; এটি হয়ে ওঠে সম্প্রীতি, সৌহার্দ্য ও মানবিক বন্ধনের উৎসব। ধর্ম যার যার, উৎসবের আনন্দ সবার - এই চেতনাই হোক আমাদের পথচলার প্রেরণা। তবে সম্প্রীতির এই ঐতিহ্য রক্ষা করতে হলে শুধু উৎসবের সময় শুভেচ্ছা বিনিময় যথেষ্ট নয়। ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা, উপাসনালয়ের মর্যাদা রক্ষা, ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং যেকোনো সাম্প্রদায়িক উসকানির বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়া রাষ্ট্র ও সমাজের সম্মিলিত দায়িত্ব। কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন ধর্মকে রাজনৈতিক স্বার্থসিদ্ধি কিংবা বিভেদ সৃষ্টির হাতিয়ার হিসেবে ব্যবহার করতে না পারে। অপশক্তির বিনাশ ঘটুক মানুষের বিবেক, যুক্তি, মানবিকতা ও ঐক্যের শক্তিতে। একই সঙ্গে দেশের মানুষের প্রত্যাশা- বাংলাদেশে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠিত হোক, আইনের শাসন নিশ্চিত হোক এবং প্রকৃত গণতন্ত্র বিকশিত হোক। আমরা মনে করি, গণতন্ত্র মানে কেবল নির্বাচন নয়; গণতন্ত্র মানে মানুষের অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা, ন্যায়বিচার, জবাবদিহি এবং সব নাগরিকের সমান মর্যাদা। ভিন্নমত ও ভিন্ন ধর্মের মানুষের নিরাপদ সহাবস্থান ছাড়া গণতন্ত্র কখনো পূর্ণতা পেতে পারে না। রাষ্ট্রের প্রতিটি নাগরিক যেন নির্ভয়ে নিজের ধর্ম পালন করতে পারেন, নিজের মত প্রকাশ করতে পারেন এবং বৈষম্যহীনভাবে জীবনযাপন করতে পারেন - এটাই হোক আমাদের অঙ্গীকার। বিজয়ার মূল শিক্ষা হোক অশুভের বিরুদ্ধে শুভের, বিদ্বেষের বিরুদ্ধে ভালোবাসার, বিভেদের বিরুদ্ধে ঐক্যের এবং স্বৈরাচার ও অন্যায়ের বিরুদ্ধে ন্যায় ও গণতান্ত্রিক মূল্যবোধের বিজয়। আসুন, উৎসবের আনন্দকে ধারণ করে মহান মুক্তিযুদ্ধের চেতনায় একটি অসাম্প্রদায়িক, মানবিক, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার শপথ নিই। শুভ বিজয়া।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শারদীয় দুর্গোৎসব সম্পন্ন: নৌকায় কৈলাস ফিরলেন দেবী দুর্গা

শারদীয় দুর্গোৎসব সম্পন্ন: নৌকায় কৈলাস ফিরলেন দেবী দুর্গা