স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে বিয়ের দাওয়াত দেওয়াকে কেন্দ্র করে চাচাতো ভাই নাজিম উদ্দিনকে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি মাছুম মিয়াকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯। ঘটনার সাত দিনের মধ্যে মৌলভীবাজারের কুলাউড়া থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার (২৩ অক্টোবর) রাত আনুমানিক ১০টা ৫০ মিনিটে কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের কাটারকোনা এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
শনিবার (২৪ অক্টোবর) র্যাব-৯ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
গ্রেপ্তার মাছুম মিয়া (৩৮) সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার লুদরপুর গ্রামের মৃত মাসুক মিয়ার ছেলে। র্যাব জানায়, তিনি এ হত্যা মামলার এজাহারনামীয় ১ নম্বর আসামি।
র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, নিহত নাজিম উদ্দিন ও অভিযুক্ত ব্যক্তিরা পরস্পরের চাচাতো ভাই ও আত্মীয়স্বজন। বাড়ির সীমানাসহ বিভিন্ন বিষয় নিয়ে তাঁদের মধ্যে আগে থেকেই বিরোধ চলছিল। এর মধ্যে গত ১৬ অক্টোবর নাজিম উদ্দিনের ছোট বোন মরিয়ম বেগমের বিয়ে হয়। বিয়ের দাওয়াত যথাযথভাবে দেওয়া হয়নি এমন অভিযোগে ক্ষুব্ধ হন অভিযুক্ত ব্যক্তিরা। এ কারণে তাঁরা বিয়ের অনুষ্ঠানে অংশ নেননি বলে র্যাবের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
পরে নববধূর শ্বশুরবাড়িতে আয়োজিত বিয়ের পরবর্তী সংবর্ধনা অনুষ্ঠানে তাঁদের আমন্ত্রণ জানাতে অভিযুক্তদের বাড়িতে যান নাজিম উদ্দিন। আগের দাওয়াতের ত্রুটির জন্য ক্ষমা চেয়ে তাঁদের অনুষ্ঠানে যাওয়ার অনুরোধ করেন তিনি। কিন্তু এ সময় তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় বলে অভিযোগ রয়েছে।
র্যাবের ভাষ্য অনুযায়ী, একপর্যায়ে নাজিম উদ্দিন নিজ বাড়ির বারান্দাসংলগ্ন উঠানে পৌঁছালে অভিযুক্ত ব্যক্তিরা তাঁর বসতবাড়ির উঠানে অনধিকার প্রবেশ করে সংঘবদ্ধভাবে হামলা চালান। মামলার ২ নম্বর আসামি ফারহানা বেগমের নির্দেশে অন্য আসামিরা দেশীয় অস্ত্র দিয়ে নাজিম উদ্দিনের শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করেন। এতে তিনি গুরুতর রক্তাক্ত জখম হন।
নাজিম উদ্দিনের চিৎকার শুনে পরিবারের অন্য সদস্যরা তাঁকে রক্ষা করতে এগিয়ে এলে তাঁদেরও দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করা হয় এবং হত্যার হুমকি দেওয়া হয় বলে র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। পরে অভিযুক্ত ব্যক্তিরা ঘটনাস্থল থেকে চলে যান।
গুরুতর আহত নাজিম উদ্দিনকে স্থানীয় লোকজন উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা জ নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে জগন্নাথপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলার এজাহার অনুযায়ী, জগন্নাথপুর থানায় ২০ অক্টোবর মামলা নং ১০ দায়ের করা হয়। এতে দণ্ডবিধির ১৪৩, ৪৪৭, ৩২৩, ৩০২, ১১৪, ৫০৬ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।
হত্যাকাণ্ডের পর জড়িতদের আইনের আওতায় আনতে র্যাব-৯ গোয়েন্দা তৎপরতা জোরদার করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ এর সিপিসি-৩, সুনামগঞ্জ এবং সিপিসি-২, শ্রীমঙ্গল, মৌলভীবাজারের একটি যৌথ দল অভিযান চালিয়ে প্রধান আসামি মাছুম মিয়াকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব। এ ঘটনায় অন্য আসামিদের গ্রেপ্তার এবং আইনগত কার্যক্রমের বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।
র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া কর্মকর্তা কে এম শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
জগন্নাথপুরে বিয়ের দাওয়াতকে কেন্দ্র করে চাচাতো ভাইকে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার
- আপলোড সময় : ২৪-১০-২০২৬ ০৬:৩৩:১৯ অপরাহ্ন
- আপডেট সময় : ২৪-১০-২০২৬ ০৬:৩৪:৪৭ অপরাহ্ন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ